বিনোদন

মৃত্যুর গুজবে কনটেন্ট ক্রিয়েটর রাকিব লাইভে, জানালেন সুস্থ আছেন

  রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলিতে এক তরুণ নিহতের ঘটনাকে কেন্দ্র করে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এই খবরটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব দাবি করে নিজেকে সুস্থ ও নিরাপদ বলে জানিয়েছেন তিনি। রোববার (১৫ মার্চ) রাতে শহীদ মিনারে রাকিবুল ইসলাম নামে এক তরুণ নিহতের খবর প্রচার হওয়ার পর নাম ও পরিচয়ের আংশিক মিল থাকায় নেটিজেনদের একাংশ ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’-র রাকিব হাসানের ছবি ব্যবহার করে শোক প্রকাশ করতে থাকেন। বিষয়টি নিয়ে রাকিব হাসান বলেন, আমি সারাদিন শুটিংয়ে ব্যস্ত ছিলাম। অনেকের ফোনে এই খবরটি পেয়েছি। এমন গুজবে আমি নিজেই বিব্রত। আমি সুস্থ ও ভালো আছি। কেউ গুজবে বিভ্রান্ত হবেন না।’ পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ও ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম (২৭) নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হন। পরে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত যুবক ও কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান এক ব্যক্তি নন। এ ঘটনায় ইতোমধ্যেই জড়িত একজনকে আটক করেছে পুলিশ। উল্লেখ্য, রাকিব হাসান ২০১৮ সালে ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’ নামে ইউটিউব চ্যানেল খোলেন এবং কনটেন্ট নির্মাণ শুরু করেন। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তিনি এরই মধ্যে তিনি বেশ জনপ্রিয়তা পেয়েছেন।  

Admin মার্চ ১৬, ২০২৬ 0
‘প্রয়োজনে সংসারের জন্য অভিনয়জীবন থেকে সরে দাঁড়াতেও প্রস্তুত’

প্রয়োজন হলে সংসারের জন্য তিনি অভিনয়জীবন থেকে সরে দাঁড়াতেও প্রস্তুত বলে জানিয়েছেন চিত্রনায়িকা পূজা চেরি। সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। শোবিজে পূজার পথচলা শুরু হয়েছিল জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে। প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জন শোনা গেছে। পরে সেই সম্পর্কে দূরত্ব তৈরি হলে জাজ মাল্টিমিডিয়া থেকেও বেরিয়ে যান তিনি। তবে প্রায় তিন বছর পর আবারও প্রতিষ্ঠানটিতে ফেরেন এই অভিনেত্রী। এরপর ক্যারিয়ারের বিভিন্ন সময়ে পূজা চেরির নাম জড়িয়েছে বেশ কয়েকজন তারকার সঙ্গে। তাঁদের মধ্যে রয়েছেন শাকিব খান, অভিনেতা সিয়াম আহমেদ এবং আদর আজাদ। যদিও এসব সম্পর্কের গুঞ্জনের কোনোটিরই স্পষ্ট প্রমাণ মেলেনি। সম্প্রতি একটি পডকাস্ট -এ অংশ নিয়ে এসব বিষয় নিয়ে কথা বলেন পূজা। সাক্ষাৎকারে তিনি বলেন, “সম্পর্কের মূল্য আমার কাছে অনেক বেশি। আমি কখনো চাই না আমার নামের সঙ্গে ‘ডিভোর্স’ শব্দটি যুক্ত হোক। পূজা আরো বলেন, যদি সম্ভব হয় সংসার আর অভিনয়— একসঙ্গেই চালিয়ে যাব। আর যদি মনে হয় কোনোটা উনিশ, কোনোটা বিশ হচ্ছে, সে ক্ষেত্রে আমি সংসারকে বেছে নিয়ে সিনেমা থেকে বিদায় নেব। অভিনেত্রীর ভাষায়, ছোটবেলা থেকেই ভালো অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেছেন তিনি। কিন্তু প্রয়োজন হলে সংসারের জন্য সেই স্বপ্ন থেকেও সরে দাঁড়াতে প্রস্তুত। এদিকে আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে পূজা চেরি অভিনীত নতুন সিনেমা ‘দম’।

Admin মার্চ ১৪, ২০২৬ 0
পথচারীকে মারধরের ঘটনায় মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

  রাজধানীর গুলশানে এক বৃদ্ধ পথচারীকে প্রকাশ্যে মারধর ও অপমান করার অভিযোগে রাশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। অভিযোগটি আমলে নিয়ে ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে মামলাটি করেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাজ্জাদ আল ইসলাম। বাদীর জবানবন্দি গ্রহণের পর আদালত গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন বলে জানিয়েছেন সাজ্জাদ আল ইসলাম। মামলার অভিযোগে বলা হয়, গত মঙ্গলবার (১‌০ মার্চ) বিকেল ৪টার দিকে গুলশান-২ এলাকায় রয়েল ব্লু ভবনের বিপরীত পাশের রাস্তা দিয়ে হাঁটছিলেন এক বৃদ্ধ ব্যক্তি। এ সময় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে মনিকা কবির টিকটক ভিডিও ধারণ করছিলেন। একপর্যায়ে ওই বৃদ্ধের ব্যাগের একটি অংশ মনিকার শরীরে লাগে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মনিকা কবির ওই বৃদ্ধের ওপর চড়াও হন বলে অভিযোগ করা হয়েছে। তিনি বৃদ্ধের ব্যাগ ছুড়ে ফেলে দেন এবং তাকে মারধর করেন। ঘটনার সময় ইচ্ছাকৃতভাবে ভিডিও ধারণ করে পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলেও মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। এর ফলে ভুক্তভোগী ব্যক্তি জনসমক্ষে অপমানিত ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন বলে দাবি করা হয়েছে। বাদী আদালতের কাছে আসামিকে হাজির করার জন্য সমন অথবা গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছেন। আদালত বিষয়টি বিবেচনায় নিয়ে তদন্ত শেষে প্রতিবেদন দিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন।

Admin মার্চ ১২, ২০২৬ 0
জামিন পেলেন হিরো আলম

বিয়ের আশ্বাসে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলা থেকে জামিন পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। বুধবার (১১ মার্চ) বিকেলে জামিন পান তিনি।  এর আগে গত ১৯ ফেব্রুয়ারি হিরো আলমকে গ্রেপ্তার করা হয়। তার আগে ১০ ফেব্রুয়ারি দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক আনোয়ারুল হক মামলাটির শুনানি শেষে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। মামলার এজাহার থেকে জানা যায়, ‘নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে’ সাদিয়া রহমান মিথিলাকে একাধিকবার ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন হিরো আলম। পাশাপাশি তাকে জোরপূর্বক গর্ভপাতেও বাধ্য করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী মিথিলা গত বছরের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে বগুড়ার আদালতে মামলা করেন। তদন্ত শেষে পিবিআই প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানায়। আদালত অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। এরপর গত ১৯ ফেব্রুয়ারি হিরো আলমকে গ্রেপ্তার করা হয়েছিল।

Admin মার্চ ১১, ২০২৬ 0
ক্যারিয়ারের শুরুতে খুব জেদি ও বোকা ছিলাম: কাজল

বলিউড অভিনেত্রী কাজল বলেছেন, ক্যারিয়ারের শুরুর দিকে তিনি বেশ জেদি ও কিছুটা বোকা ছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অতীত ও বর্তমান কাজের ধরণ নিয়ে কথা বলতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। কাজল জানান, অভিনয় জীবনের শুরুর দিকে তিনি অনেক কিছুই না বুঝে করতেন। তবে নিজের নেওয়া সেই সব জেদি সিদ্ধান্তগুলোই শেষ পর্যন্ত তাকে সঠিক প্রমাণ করেছে। এ নিয়ে তিনি বলেন, ‘আমি নিজের সিদ্ধান্ত নিজেই নিতাম এবং তাতে অনড় থাকতাম। আমার এই স্বভাব থাকা সত্ত্বেও দর্শক আমাকে ভালোবেসেছেন, সেজন্য আমি কৃতজ্ঞ। দীর্ঘ বিরতি নিয়ে কাজে ফেরা এই অভিনেত্রী জানান, বর্তমানে তিনি খুব বেছে কাজ করতে পছন্দ করেন। চিত্রনাট্যের পাশাপাশি সহকর্মীরা কেমন, সেটিও তার কাছে খুব গুরুত্বপূর্ণ। কাজল বলেন, ‘যাদের সঙ্গে সহজে মেলামেশা করা যায়, আমি তাদের সঙ্গেই কাজ করি। কারণ শুটিং সেটে টানা অনেকদিন কাটাতে হয়। মানুষগুলো ভালো না হলে সেই সময়টা পার করা কঠিন হয়ে পড়ে। সর্বশেষ ‘মা’ ছবিতে দেখা যাওয়া এই অভিনেত্রী জানান, বর্তমানে বেশ কিছু নতুন চিত্রনাট্য নিয়ে কথা চলছে এবং দু-তিনটি ছবির কাজও শুরু হয়েছে।

Admin মার্চ ১০, ২০২৬ 0
নির্ধারিত তারিখে মুক্তি পাচ্ছে না যশের বহুল প্রতীক্ষিত ছবি ‘টক্সিক’

  বর্তমানে পশ্চিম এশিয়ার দেশগুলোতে অশান্ত পরিস্থিতির প্রভাব এসে পড়েছে ভারতীয় সিনেমাতেও। সেই প্রভাবেই নির্ধারিত তারিখে মুক্তি পাচ্ছে না যশ অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘টক্সিক’। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৯ মার্চ বক্সঅফিসে মুখোমুখি লড়াই হওয়ার কথা ছিল ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপ্‌স’ ও ‘ধুরন্ধর ২’-এর। কে কাঁপাবে বক্সঅফিস—তা নিয়ে চলছিল জোর আলোচনা। তবে তার আগেই ‘টক্সিক’-এর পথে বড় বাধা হয়ে দাঁড়ায় আন্তর্জাতিক পরিস্থিতি। খবর, ১৯ মার্চ আর মুক্তি পাচ্ছে না ছবিটি। মঙ্গলবার সকালে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, “‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপ্‌স’ আমরা সারা বিশ্বের দর্শকের কথা ভেবে তৈরি করেছি। কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত এই ছবির মাধ্যমে দেশ-বিদেশের দর্শকের সঙ্গে সংযোগ স্থাপনই ছিল আমাদের লক্ষ্য। অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তৈরি এই ছবিটি ১৯ মার্চ মুক্তি দেওয়ার জন্য আমরা উচ্ছ্বসিত ছিলাম। কিন্তু বর্তমানে পশ্চিম এশিয়ার দেশগুলোর পরিস্থিতি আমাদের সেই পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে। তাই বিশ্বজুড়ে দর্শকের কথা ভেবেই ছবির মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” নতুন ঘোষণা অনুযায়ী, ছবিটি সারা বিশ্বে মুক্তি পাবে আগামী ৪ জুন। অন্যদিকে, ‘ধুরন্ধর ২’-এর মুক্তির তারিখে কোনো পরিবর্তন আনা হয়নি। ফলে বক্সঅফিসে আদিত্য ধর পরিচালিত রণবীর সিং অভিনীত এই ছবির একক দাপটের সম্ভাবনাই দেখছেন বিশেষজ্ঞরা।

Admin মার্চ ৪, ২০২৬ 0
আত্মহত্যা করলেন অভিনেতা জাহের আলভীর স্ত্রী

ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে অভিনেতার শ্বশুরবাড়ি পরিবার। প্রয়াত ইকরার ঘনিষ্ঠ এক আত্মীয় গণমাধ্যমকে বলেন, ‘আজ দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। এদিকে জানা গেছে, জাহের আলভী বর্তমানে নেপালে আছেন। মানসিকভাবে বিপর্যস্ত থাকায় তিনি গণমাধ্যমে মুখ খুলেননি। এর আগে ২০১০ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন আলভী ও ইকরা। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। 

Admin ফেব্রুয়ারি ২৮, ২০২৬ 0
বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে দক্ষিণী তারকা জুটি বিজয়-রাশমিকা

  উদয়পুরে রাজকীয় বিয়ের পর দক্ষিণী তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা স্বামী-স্ত্রী হিসেবে প্রথমবার প্রকাশ্যে দেখা দিয়েছেন। হায়দরাবাদের উদ্দেশে রওনা দেওয়ার আগে উদয়পুর বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন নবদম্পতি। এই মুহূর্ত ঘিরে ভক্ত ও পাপারাজ্জিদের মধ্যে দেখা গেছে বাড়তি উচ্ছ্বাস। বিমানবন্দরে হাত ধরে হাঁটতে হাঁটতে ক্যামেরার সামনে আসেন বিজয়-রাশমিকা। পরে পাপারাজ্জিদের উদ্দেশে হাতজোড় করে শুভেচ্ছা জানান এবং উড়ন্ত চুমু ছুড়ে দেন তাঁরা। রাশমিকার মুখে দেখা যায় নববধূর উজ্জ্বল আভা, আর বিজয়ের মুখজুড়ে শান্ত হাসি। মুহূর্তটি যেন পর্দার ‘শ্রীভল্লী’ ও বাস্তব জীবনের ‘সামি’র নতুন জীবনের সূচনা হিসেবে ধরা পড়েছে। নবদম্পতি প্রথম প্রকাশ্যে আসার দিনে পরিমিত ও মার্জিত পোশাক বেছে নেন। বিজয় পরেছিলেন সাদা স্যাটিন কুর্তা-পাজামা, সঙ্গে সাদা জুতা ও কালো সানগ্লাস। রাশমিকা ছিলেন লাল রঙের সোনালি কারুকাজ করা হাই-কলার অনারকলি স্যুটে। স্বামীর পাশে হাঁটতে হাঁটতে আবারও ভক্তদের মন জয় করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে ভক্তদের উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে। একজন লিখেছেন, ‘দুজনকে একসঙ্গে দারুণ লাগছে, কারো নজর না লাগুক।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘এই জুটি সত্যিই অসাধারণ।’ অনেকের কাছে মনে হচ্ছে, বিজয়-রাশমিকার সুখ পুরো ইন্টারনেটজুড়ে আনন্দ ছড়িয়ে দিয়েছে। এর আগে গতকাল ২৬ ফেব্রুয়ারি রাজকীয় আয়োজনে বিয়ের পিঁড়িতে বসেন রাশমিকা-বিজয়। উদ য়পুরে বিয়ের পর এবার হায়দরাবাদে জমকালো রিসেপশন অনুষ্ঠিত হবে। তার আগেই স্বামী-স্ত্রী হিসেবে বিজয় ও রাশমিকার এই প্রথম প্রকাশ্য উপস্থিতি ভক্তদের মধ্যে নতুন উচ্ছ্বাস ও আবেগ তৈরি করেছে।

Admin ফেব্রুয়ারি ২৮, ২০২৬ 0
‘ভুল মানচিত্র’ ঘিরে তোপের মুখে প্রিয়াঙ্কা চোপড়া

  বলিউড থেকে হলিউডে নিজের মেধা ও পরিশ্রমে বৈশ্বিক পরিচিতি তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে এবার সাফল্যের জন্য নয়, বরং ভারতের একটি ‘ভুল মানচিত্র’ ঘিরে সমালোচনার মুখে পড়েছেন এই তারকা। সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন তিনি। সেখানে নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলার সময় দর্শকদের নজরে আসে তাঁর পেছনে থাকা ভারতের একটি মানচিত্র। সেটিকেই ঘিরে শুরু হয় বিতর্ক। নেটিজেনদের অভিযোগ, মানচিত্রটিতে ভারতের সীমানা সঠিকভাবে দেখানো হয়নি। বিশেষ করে জম্মু-কাশ্মীর অঞ্চলের উপস্থাপন সরকারি মানচিত্রের সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি তোলা হয়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন ভারতীয় হয়ে কিভাবে তিনি এমন মানচিত্রের সামনে বসে সাক্ষাৎকার দিলেন। কেউ কেউ তাঁকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলেও মন্তব্য করেছেন। তবে সমালোচনার পাশাপাশি সমর্থনের কণ্ঠও শোনা গেছে। অনেকে মনে করছেন, প্রিয়াঙ্কা সেখানে সাক্ষাৎকার দিতে গিয়েছিলেন, মানচিত্র সংশোধন করা তাঁর দায়িত্ব নয় এবং বিষয়টি হয়তো তাঁর নজরেই আসেনি।

Admin ফেব্রুয়ারি ২০, ২০২৬ 0
বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার

  বিয়ের প্রলোভনে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাত করানোর অভিযোগে করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া শহরের শাজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে হিরো আলমের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় জানতে পারে, তিনি ঢাকা পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পরে শাজাহানপুর এলাকায় রাস্তায় ব্যারিকেড দিয়ে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী সাদিয়া রহমান মিথিলাকে নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে বিয়ের আশ্বাসে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং গর্ভপাত করাতে বাধ্য করার অভিযোগ ওঠে হিরো আলমের বিরুদ্ধে। এসব অভিযোগে ওই নারী ২০২৫ সালের ২১ এপ্রিল বগুড়ার আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত শেষে পিবিআই প্রতিবেদনে উল্লেখ করে, হিরো আলমের বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

Admin ফেব্রুয়ারি ১৯, ২০২৬ 0
বাবা হারালেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা

  শোকের ছায়া নেমে এসেছে বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার পরিবারে। গত ১৩ ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন তাঁর বাবা সুনীল মালহোত্রা। কয়েক দিন পর সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টে বাবার মৃত্যুসংবাদ জানান অভিনেতা। বাবার প্রয়াণের পর স্মৃতিচারণা করেছেন তাঁর স্ত্রী কিয়ারা আদভানি-ও। বুধবার শ্বশুরকে নিয়ে নিজের অনুভূতি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। বিয়ের দিনের একটি ছবি শেয়ার করে কিয়ারা লেখেন, ‘প্রথম দিন থেকেই উষ্ণ অভ্যর্থনায় আমাকে নিজের করে নিয়েছিলে। কখনো কিছুর কমতি ছিল না। স্নেহ-ভালোবাসায় আমাকে পরিবারের একজন করে নিয়েছিলে। তোমার পরিবারের প্রতি তোমার ভালোবাসা, দায়বদ্ধতাই ছিল তোমার জীবনের সব কিছু। সবার ছোট ছোট জিনিসের দিকে তুমি বরাবর নজর রেখেছ। পরিবারের সবার জন্য সবটুকু উজাড় করে দিয়ে গিয়েছ। কিন্তু পরিবর্তে চাওনি কিছুই। তোমার হাসি, প্রাণোচ্ছ্বল স্বভাব, তোমার শক্তি, সবাইকে আপন করে নেওয়ার ক্ষমতা— এই সব কিছুই থেকে যাবে তোমার ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে। ভীষণ মনে পড়বে তোমায়। চিরশান্তিতে থেকো। এর আগে বাবার সঙ্গে একাধিক ছবি পোস্ট করে সিদ্ধার্থ লিখেছিলেন, ‘তুমিই আমার জীবনের শক্তি ছিলে বাবা। তোমার উপস্থিতি অনেক মূল্যবান ছিল আমাদের কাছে।

Admin ফেব্রুয়ারি ১৮, ২০২৬ 0
এক বছরে নুসরাত ইমরোজ তিশার সম্পদ বেড়ে হয়েছে দ্বিগুণ

প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের এবং তাদের পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রকাশিত তথ্যে দেখা গেছে, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর মোট সম্পদ কিছুটা কমলেও তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ এক বছরে উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা নীতিমালা অনুযায়ী ৩০ জুন ২০২৪ ও ৩০ জুন ২০২৫ তারিখের সম্পদ বিবরণী প্রকাশ করা হয়। এতে দেখা যায়, ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট সম্পদ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। এক বছর পর ২০২৫ সালের ৩০ জুন তা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ এক বছরে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা। অন্যদিকে, একই সময়ে মোস্তফা সরয়ার ফারুকীর সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ০২৬ টাকা, যা ২০২৫ সালের ৩০ জুন কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ০২৬ টাকায়। প্রকাশিত তালিকায় আরো দেখা যায়, নির্ধারিত সময়ে অধিকাংশ উপদেষ্টার সম্পদ বেড়েছে। তবে ফারুকী ছাড়াও আরো দুই উপদেষ্টার সম্পদ কমেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সম্পদ কমেছে প্রায় ১ কোটি ১৩ লাখ টাকা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সম্পদ কমেছে ১৬ লাখ ৩৫ হাজার টাকা।

Admin ফেব্রুয়ারি ১১, ২০২৬ 0
হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিয়ের আশ্বাসে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক আনোয়ারুল হক এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আসগার বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর তদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপনের পরই বিচারক হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। মামলার এজাহারে বলা হয়েছে, সাদিয়া রহমান মিথিলাকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে আশরাফুল আলম ওরফে হিরো আলম প্রতারণামূলকভাবে বিয়ের প্রলোভন দেখান। পরে তিনি ভুক্তভোগীকে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং গর্ভপাত করাতে বাধ্য করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। হিরো আলম ঘটনাটি অস্বীকার করলে সাদিয়া রহমান মিথিলা ২০২৫ সালের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে হিরো আলমের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্তে পিবিআই প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পায়। পরবর্তীতে আদালত অভিযোগটি আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

Admin ফেব্রুয়ারি ১০, ২০২৬ 0
রমজানেই বিয়ের গুঞ্জণ হানিয়া আমিরের!

  পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। নিজের সৌন্দর্য ও অভিনয় দক্ষতা দিয়ে ইতোমধ্যে জয় করেছেন লাখো ভক্তের হৃদয়। যদিও মাঝেমধ্যেই তাকে নিয়ে নানা গুঞ্জণ শোনা যায়। এবার অভিনেত্রীর বিয়ের গুঞ্জনে ব্যাস্ত হয়েছেন নেটিজেনরা। পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনযায়ী, গুঞ্জন উড়ছে, পাকিস্তানি গায়ক অসীম আজহারের সঙ্গে হানিয়ার ভাঙা প্রেম জোড়া লেগেছে। কেবল তাই নয়, আগামী রমজানে বিয়ে করতে যাচ্ছেন তারা।  শোনা যাচ্ছে, এই রমজানে বিয়ে করবেন অভিনেত্রী হানিয়া আমির ও গায়ক অসীম আজহার। ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা করেছেন তারা। যদিও বিয়ের বিষয়টি নিয়ে এখনো হানিয়া আমির বা অসীম আজহার কিংবা তাদের টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি। কয়েক মাস আগে একাধিক পাকিস্তানি সংবাদমাধ্যম দাবি করে, হানিয়া-অসীম আবারো সম্পর্কে জড়িয়েছেন। তবে হানিয়া বা আসীম— কেউই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি। এই দুই তারকা একসময় পাকিস্তানি শোবিজের সবচেয়ে জনপ্রিয় জুটিগুলোর একটি ছিলেন। ২০১৮-২০১৯ সাল পর্যন্ত তারা সম্পর্কে ছিলেন, এরপর বিচ্ছেদ ঘটে। ২০২০ সালে হানিয়া প্রকাশ্যে বলেন, ‘আমরা শুধু ভালো বন্ধু।’ এ দিকে হানিয়া আমিরের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ইনফ্লুয়েন্সার ও অভিনেত্রী মেরুব আলীর সঙ্গে বাগদান সারেন অসীম। কিন্তু গত বছরের শুরুর দিকে অর্থাৎ বাগদানের ৩ বছর পর এ সম্পর্কের ইতি টানেন তারা। তবে গত বছরের আগস্টে গায়ক অসীমের কনসার্টে উপস্থিত হন হানিয়া আমির। তারপরই শুরু হয় চর্চা। সবকিছু মিলিয়ে নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলাতে ভুল করছেন না।  

Admin ফেব্রুয়ারি ৯, ২০২৬ 0
ফের বাবা-মা হতে যাচ্ছেন শাকিব-বুবলী দম্পতি

  ফের বাবা-মা হতে যাচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা শাকিব খান ও চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। এর আগে শাকিব ও বুবলীর ঘরে শেহজাদ খান বীর নামে এক সন্তান রয়েছে। ফের তাদের ঘরে আসছে নতুন অতিথি, বুবলী এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। শাকিব খানের পরামর্শেই সন্তান জন্ম দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী। বিষয়টি নিশ্চিত করেছে একাধিক সূত্র।   গত বছরের শেষের দিকে ছেলেকে নিয়ে শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে দীর্ঘ ছুটি কাটান বুবলী। তখন তাদের সম্পর্ক নিয়ে নতুন করে কথা ওঠে। অনেকেই বলতে শুরু করেন শাকিব-বুবলী ফের এক হতে যাচ্ছেন। এরই মধ্যে সম্প্রতি বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ওঠে। এটা গুঞ্জন হিসেবে চলতে শুরু করার মাঝেই জানা গেল ঘটনার সত্যতা। বুবলী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তাই ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিং করতে চাইছেন না বুবলী। প্রথম দফায় আদর আজাদের বিপরীতে চারদিন শুটিংয়ে অংশও নিয়েছিলেন। দ্বিতীয় লটের শুটিংয়ের জন্য শিডিউল দিচ্ছিলেন না। খোঁজ নিয়ে জানা গেছে, এখন বুবলী শুটিং করছেন না ঝুঁকির কারণে। তবে আগামীকাল রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে হাজির হবেন বুবলী। একটি আউটলেট-এর ওপেনিং সেরেমনি হবে বুবলীর হাত ধরে। সেখানেই বুবলী জানাতে পারেন মা হতে যাওয়ার বিষয়টি। এদিকে আরেকটি সূত্র বলছে, বুবলী সন্তান জন্ম দিতে এ মাসেই উড়াল দেবেন যুক্তরাষ্ট্রে। শেহজাদ খান বীরেরও জন্ম হয়েছিল যুক্তরাষ্ট্রে। বুবলীর উড়ালের খবরে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার প্রযোজক ও পরিচালক নায়িকাকে নিয়ে নতুন করে ভাবছেন বলে জানা গেছে। কারণ, প্রায় দেড় বছরের ছুটিতে যাচ্ছেন নায়িকা। যে কারণে তারা সিনেমার কাজ এগিয়ে নিতে নায়িকাকে ছাড়াই বাকি কাজ শেষ করবেন। এ প্রসঙ্গে সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর সিকদার বলেন, ‘প্রথম লটে বুবলী, আদর আজাদ ও অন্য শিল্পীদের নিয়ে ৪ দিন শুটিং করেছিলাম। দ্বিতীয় লটে রোজায় শুটিং আছে। কিন্তু বুবলীকে ছাড়াই বাকি কাজ শেষ করতে হবে।’

Admin ফেব্রুয়ারি ৫, ২০২৬ 0
ক্যারিয়ারের ইতি টানছেন অরিজিৎ সিং

দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানছেন ভারতের বিখ্যাত সংগীতশিল্পী অরিজিৎ সিং। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মঙ্গলবার এক পোস্টে তিনি এমন ঘোষণাই দিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি ভক্ত-অনুরাগীদের ধন্যবাদ জানান। তিনি আর কোনো নতুন কাজ গ্রহণ করবেন না বলেও জানান। অরিজিৎ সিং তার পোস্টে লেখেন : ‘নতুন বছরের শুভেচ্ছা। এত বছর ধরে শ্রোতা হিসেবে আমাকে যে অগাধ ভালোবাসা দিয়েছেন, তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, এখন থেকে প্লেব্যাক কণ্ঠশিল্পী হিসেবে আর কোনো নতুন কাজ গ্রহণ করব না। এখানেই আমি ইতি টানছি। এটি ছিল একটি অসাধারণ যাত্রা। অরিজিৎ সিং নিজের ক্যারিয়ারে তুম হি হো, চন্না মেরেয়া, গেরুয়া, মন মাঝি রে, বোঝেনা সে বোঝেনার মতো অসংখ্য শ্রোতা প্রিয় গান উপহার দিয়েছেন।  

Admin জানুয়ারী ২৭, ২০২৬ 0
হেনস্থার শিকার মিমি চক্রবর্তী, থানায় অভিযোগ দায়ের

ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁয়ে একটি অনুষ্ঠানে হেনস্থার শিকার হয়েছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। জানা গেছে, দেরি করে মঞ্চে ওঠায় তাকে জোর করে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন মিমি, অভিযোগের নামে থাকা ব্যক্তি হলেন জ্যোতিষ তনয় শাস্ত্রী। রবিবার বনগাঁর নয়া গোপালগুঞ্জ যুব সংঘে অনুষ্ঠিত অনুষ্ঠানে মিমি একটি ঘণ্টাখানেক দেরি করেন। মঞ্চে ওঠার পরই ঘটে বিতর্ক। মিমি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার তীব্র প্রতিবাদ জানান। তিনি লেখেন, “আজও নারী শিল্পীদের ক্ষেত্রে স্বাধীনতা ও অধিকার কেড়ে নেওয়া সহজ। আমি এত বছর ধরে আমার ভাবমূর্তি তৈরি করেছি। এবার চুপ থাকা মানে হেনস্থাকে সমর্থন করা।” অভিনেত্রী আরও বলেন, “স্টেজের অধিকার নিয়ে কোনো আপোষ করা সম্ভব নয়। বিষয়টি এখন আইনি পর্যায়ে পৌঁছেছে। তাই আমি আর বাড়াবাড়ি করতে চাইছি না।” অন্যদিকে ক্লাবের কর্মকর্তারা দাবি করেছেন, মিমিকে অসম্মান করা হয়নি। ক্লাব কর্মকর্তা রাহুল বসু শোভন দাস জানান, অনুষ্ঠান শেষ হওয়ার সময় প্রশাসনিক কারণে সময়মতো বন্ধ করা হয়েছে। তিনি বলেন, “মিমিকে সসম্মানেই বিদায় জানানো হয়েছে। নারীরা ফুল দিয়ে বরণ করতে গেলে ধাক্কা লেগেছে, সেটি কোনো উদ্দেশ্যপ্রণোদিত হেনস্থা নয়। অভিযোগ ভিত্তিহীন।” প্রসঙ্গত, কিছুদিন আগে ‘এসআইআর’র শুনানিতে হাজিরা দিতে ডাক পেয়েছিলেন মিমি। কসবা বিধানসভা এলাকার ভোটার হিসেবে ৩১ জানুয়ারি তাকে শোনানিতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মিমি জানিয়েছেন, তিনি শুনানিতে যাবেন এবং সহযোগিতা করবেন।

Admin জানুয়ারী ২৬, ২০২৬ 0
প্রকৃতি যেন জয়াকে আলাদা করে গড়ে তুলেছে: প্রসেনজিৎ

জয়া আহসান মানেই পর্দায় সৌন্দর্য, অভিনয়ে সংযম আর বাস্তব জীবনে একেবারে স্বাভাবিক সরলতা। তবে এবার সেই অভিনেত্রীকে ঘিরে এক মজার অভিজ্ঞতার কথা শোনালেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আড্ডার ছলে প্রসেনজিৎ বলেন, ‘জয়ার একটা অদ্ভুত দিক আছে। ও কোনো দিনই মোটা হবে না’—এই কথা বলতে গিয়েই তাঁর মুখে ফুটে ওঠে বিস্ময় আর মুগ্ধতার হাসি। কারণ জয়া যে ভীষণ খাবারপ্রেমী, সেটা খুব কাছ থেকে দেখেছেন তিনি। বহু আগেই প্রসেনজিৎকে মনে নিয়েছেন জয়া আহসান প্রসেনজিতের ভাষ্য, জয়া রসগোল্লা ভীষণ ভালোবাসে। সুযোগ পেলেই খায়। অথচ আশ্চর্যের বিষয় হলো—এত কিছু খেয়েও তার শরীরে এক ফোঁটা ফ্যাটও জমে না। প্রকৃতি যেন তাকে আলাদা করে গড়ে তুলেছে! হাসতে হাসতে প্রসেনজিৎ আরো বলেন, ‘আমি তো একদিন ওকে বলেই ফেললাম—তুই তো আসন করিস না, এক্সারসাইজ করিস না!’ জবাবে জয়ার উত্তর ছিল, ‘আমার কিছু হয় না।’ এই সরল অথচ আত্মবিশ্বাসী জবাব শুনে আরো অবাক হয়ে যান প্রসেনজিৎ। 

Admin জানুয়ারী ২৫, ২০২৬ 0
বিএনপির নির্বাচনী থিম সং প্রকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের নির্বাচনী থিম সং প্রকাশ করেছে। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে থিম সংটির উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ‘ভোট দিবেন কিসে ধানের শীষে’, ‘সবার আগে বাংলাদেশ’সহ বিএনপির একাধিক নির্বাচনী স্লোগান যুক্ত করে গানের রূপ দেওয়া হয়েছে এই থিম সং-এ।   উদ্বোধনী অনুষ্ঠানে রিজভী বলেন, পরমাণুর কেন্দ্রে যেমন প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন থাকে এবং তাদের বন্ধন দৃঢ়, তেমনি আমরা এমন একটি রাষ্ট্রীয় দর্শনে বিশ্বাস করি- ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’, যার প্রতীক হচ্ছে ধানের শীষ   তিনি বলেন, এই প্রতীক শেখ হাসিনা যেমন মুছে দিতে পারেননি, তেমনি আর কেউ পারবে না। মানুষের হৃদয়ে হৃদয়ে এই প্রতীক মিশে আছে।

Admin জানুয়ারী ২২, ২০২৬ 0
জনপ্রিয় অভিনেতা জাভেদ আর নেই

  বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক জাভেদ মৃত্যুবরণ করেছেন। তিনি অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী। বুধবার দুপুরে জয় চৌধুরী বলেন, জাভেদ ভাই অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। ক্যান্সারের আক্রান্ত ছিলেন, বার্ধক্যজনিত নানা জটিলতাও ছিল। হাসপাতালেও ভর্তি ছিলেন। তাকে সম্প্রতি বাসাতে আনা হয়েছিল। আজ সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে উত্তরার নিজ বাসভবনে তিনি মারা যান। ১৯৬৪ সালে মুক্তিপ্রাপ্ত উর্দু ছবি ‘নয়ি জিন্দেগি’ দিয়ে নায়ক হিসেবে অভিষেক ইলিয়াস জাভেদের। এরপর দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। নব্বইয়ের দশক পর্যন্ত তিনি সিনেমায় সুবর্ণ সময় কাটিয়েছেন। এ ছাড়া তিনি ছিলেন একজন নৃত্য পরিচালকও। তার আসল নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। নৃত্য পরিচালনা দিয়ে চলচ্চিত্র জগতে অভিষেক ঘটলেও পরবর্তী সময়ে নায়ক হিসেবে প্রধান চরিত্রে অভিনয় করেন শতাধিক চলচ্চিত্রে। তিনি তার অনেক কাজের মধ্যে ‘নিশান’ চলচ্চিত্রের জন্য বেশি পরিচিত। জাভেদ ১৯৪৪ সালে ব্রিটিশ ভারতের পেশাওয়ারে জন্মগ্রহণ করেন। পরে তিনি সপরিবারে সেখান থেকে পাঞ্জাবে চলে আসেন। ব‍্যক্তিজীবনে তিনি ১৯৮৪ সালে চিত্রনায়িকা ডলি চৌধুরীকে বিয়ে করেন।

Admin জানুয়ারী ২১, ২০২৬ 0
বিজয়ের সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন রাশমিকা

পর্দার রসায়ন ছাপিয়ে বাস্তব জীবনেও যে দক্ষিণী দুই তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার সম্পর্ক গভীর, তা ইন্ডাস্ট্রিতে ওপেন সিক্রেট। দীর্ঘদিন ধরেই তাঁদের প্রেমের গুঞ্জন ঘুরছে টলিউড ও বলিউডের অন্দরে। এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে বাগদান ও বিয়ের খবর। ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৫ সালের অক্টোবরে নাকি গোপনে আংটি বদল সেরেছেন বিজয় ও রাশমিকা। এরপর থেকেই তাঁদের বিয়ে নিয়ে আলোচনা আরো জোরালো হয়েছে। শোনা যাচ্ছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে এই তারকা জুটির বিয়ের অনুষ্ঠান। এই পরিস্থিতিতে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে মুখ খুলেছেন রাশমিকা মান্দানা। কথিত প্রেমিক বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তাঁর আসন্ন বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে, গুঞ্জনকে একেবারে উড়িয়ে না দিয়ে সংযত জবাব দেন অভিনেত্রী। রাশমিকা বলেন, “এই ধরনের আলোচনা তো গত চার বছর ধরেই চলছে, তাই না? মানুষ একই প্রশ্ন বারবার করছে এবং সুখবরের অপেক্ষায় আছে। তবে আমি তখনই এই বিষয় নিয়ে কথা বলব, যখন সত্যি কথা বলার মতো সময় আসবে।” অন্যদিকে, ভারতীয় সংবাদমাধ্যমের কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, সব কিছু পরিকল্পনামাফিক চললে আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের একটি রাজপ্রাসাদে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন বিজয় ও রাশমিকা।  এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে ঘনিষ্ঠ এক সূত্র হিন্দুস্তান টাইমস-কে জানিয়েছিল, বাগদানের মতোই বিয়ের অনুষ্ঠানও হবে অত্যন্ত ঘরোয়া, যেখানে উপস্থিত থাকবেন কেবল পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা। তবে এসব জল্পনার মাঝেই হলিউড রিপোর্টার ইন্ডিয়া-কে দেওয়া এক মন্তব্যে রাশমিকা স্পষ্ট করে জানান, তিনি এখনই বিয়ে নিয়ে কোনো কিছু নিশ্চিত বা অস্বীকার করতে চান না।  অভিনেত্রীর কথায়, “আমি বিয়ে নিয়ে কিছু নিশ্চিত বা অস্বীকার করছি না। শুধু এটুকুই বলব—যখন বলার সময় আসবে, তখনই বলা হবে।” প্রসঙ্গত, বাগদানের গুঞ্জনের পর বিজয় ও রাশমিকার আঙুলে আংটি দেখা গেলেও, সে বিষয়ে তাঁরা কোনো মন্তব্য করেননি। যদিও আংটি আড়াল করতেও দেখা যায়নি তাঁদের। পাপারাৎজিদের ক্যামেরায় একাধিকবার ধরা পড়েছে সেই মুহূর্ত। সব মিলিয়ে, নীরবতা আর ইঙ্গিতেই আপাতত অনুরাগীদের কৌতূহল বাড়িয়ে চলেছেন বিজয়-রাশমিকা। কবে সেই প্রতীক্ষার অবসান ঘটবে, সেদিকেই তাকিয়ে রয়েছেন তাঁদের ভক্তরা।  

Admin জানুয়ারী ২০, ২০২৬ 0
Popular post
বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাশোসিয়েশনের উদ্যোগে কোচেস ট্রেনিং ও সেমিনার অনুষ্ঠিত

আব্দুল হক :- বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাশোসিয়েশনের উদ্যোগে কোচেস ট্রেনিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার ( ২ জানুয়ারী)  সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ঢাকা জেলার মুগদা টিটিপাড়া এলাকার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামের উত্তর গ্যালারী, ৩য় তলায় ট্রেনিং ও সেমিনারটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কারাতে ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক কবির আকবর চৌধুরী তাজ এর সভাপতিত্বে ও জে কে এফ ৮ম ড্যান,  ভাইস প্রেসিডেন্ট সাউথ এশিয়ান ওয়াদোকাই কারাতে  ও  বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাসোশিয়েশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি হানসি নাজনুল মোর্শেদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বাংলাদেশ জুডো কারাতে ফেডারেশনের প্রবর্তক এবং সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ মার্শাল আর্ট কন ফেডারেশনের প্রাক্তন সাধারণ সম্পাদক হাসান উজ জামান মণি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ উশু ফেডারেশনের গ্রান্ড মাষ্টার, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আলমগীর শাহ ভূইয়া, বি কে এফ রেফারি কমিশনের যুগ্ম সম্পাদক নূর মোহাম্মদ রকি, অভিনেতা ও সাবেক ন্যাশনাল প্লেয়ার, সেলফ কনফিডেন্স কারাতে একাডেমীর প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক,  বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাসেসিয়েশন সহ-সভাপতি এন এস তনু (তনু পান্ডে), বি কে এফ এর কোচ এন্ড রেফারী মোঃ উজ্জল মিয়া, বি কে এফ এর কোচ এন্ড রেফারী মোঃ আব্দুল হক, বি এস কে ইউ এর প্রতিষ্ঠাতা সদস্য ইউ মুকবুল হোসেন মুকুল,  বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মোঃ ইউনুস গাজীসহ ছাত্র -ছাত্রী  ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইউনুছ খাঁন। প্রশিক্ষণ শেষে বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও পুরষ্কার বিতরণ করা হয়।

সিঙ্গাপুর নেওয়া হচ্ছে ওসমান হাদিকে

উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। ইতোমধ্যেই তাকে নিয়ে যেতে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসেছে। অ্যাম্বুলেন্সটি বেলা ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। দুপুর দেড়টায় তাকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে। এরইমধ্যে হাদিকে আনতে বিমানবন্দর থেকে রওনা দিয়েছে ২ সদস্যের মেডিকেল প্রতিনিধি দল। তাদের মধ্যে একজন চিকিৎসক ও একজন নার্স রয়েছেন। শরিফ ওসমান হাদি জুলাই আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তিনি ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী। গত শুক্রবার দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় আয়োজিত একটি জরুরি টেলিকনফারেন্সে হাদিকে বিদেশে পাঠিয়ে বিশেষায়িত চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেস উইং জানায়, গত দুদিনে সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসা সুবিধা যাচাই করেছে। হাদির সঙ্গে সিঙ্গাপুরে যাবেন তার ভাই ওমর হাদি। সঙ্গে আরও একজনও যাবেন। ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

বিপদে শুধু আমার দরজাই সবার জন্য খোলা থাকে: পরীমনি

অভিনয় ও ব্যক্তিগত ব্যস্ততার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। নিয়মিতই নানা মুহূর্তের ছবি ও ভাবনার কথা শেয়ার করেন তিনি। এবার সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টে ‘কৃতঘ্ন’ মানুষদের নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরলেন এই অভিনেত্রী।   পরীমনি জানান, বিপদে যাদের পাশে দাঁড়ান, তারাই অনেক সময় তাকে বিপদে ফেলে দূরে সরে যান।   যদিও পোস্টে তিনি নির্দিষ্ট করে কারো নাম উল্লেখ করেননি। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘মানুষের সমস্ত বিপদে শুধু আমার দরজাই সবার জন্য খোলা থাকে। ঠিক তারাই আমাকে বিপদে ফেলে দিয়ে ভেগে যায়।’   তবে এসব ঘটনায় হতাশ নন বলেই জানান অভিনেত্রী।   বরং নিজের মনুষ্যত্ব ও বিবেক নিয়ে গর্ব প্রকাশ করেছেন তিনি।  পরীমনির ভাষায়, ‘আমি আর বদলাতে পারি নাই। না আমার মনুষ্যত্ব আর না আমার বিবেক। তার জন্যই আল্লাহ আমাকে তোমাদের মতো মানুষকে সাহায্য করার মতো সমর্থ দিয়েছেন। আলহামদুলিল্লাহ।’   সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি অকপটে প্রকাশ করার মধ্য দিয়েই আবারও আলোচনায় এই ঢালিউড তারকা।   এদিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন পরীমনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত সিনেমা ‘ডোডোর গল্প’। পাশাপাশি ‘গোলাপ’ নামের আরো একটি সিনেমা শুটিং ফ্লোরে গড়ানোর অপেক্ষায় আছে।

নির্বাচনে প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি

রাজনৈতিকভাবে ‘গুরুত্বপূর্ণ’ ব্যক্তি এবং নির্বাচনের প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়ার এবং রিটেইনার (গানম্যান) নিয়োগের সুযোগ দিতে নীতিমালা জারি করেছে সরকার। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনার পর স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের বিশেষ নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।  তারই ধারাবাহিকতায় সোমবার ওই নীতিমালার প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই বিশেষ নীতিমালার আওতায় দুই ধরনের ব্যক্তি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স এবং গানম্যান নিয়োগের আবেদন করতে পারবেন। ১. সরকার স্বীকৃত বা অনুমোদিত ‘রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ২. সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল এবং গৃহীত হয়ে থাকলে। নীতিমালার শর্তে বলা হয়েছে, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে হলে ‘উপযুক্ত কর্তৃপক্ষ (প্রযোজ্য ক্ষেত্রে গোয়েন্দা সংস্থা) কর্তৃক যাচাইকৃত নিরাপত্তা ঝুঁকি’ থাকতে হবে। শারীরিক ও মানসিক সক্ষমতা এবং অস্ত্র সংরক্ষণের নিরাপদ ব্যবস্থা থাকতে হবে। সাধারণ সময়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়ার যে নীতিমালা আছে, তার শর্তগুলো এই বিশেষ ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে সাধারণ নীতিমালায় পিস্তল, রিভলবার, রাইফেলের লাইসেন্স পেতে কমপক্ষে ৫ লাখ টাকার আয়কর দেওয়ার যে বাধ্যবাধকতার রয়েছে, এই বিশেষ ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। এই লাইসেন্সের আওতায় কেবল আত্মরক্ষার উদ্দেশ্যে সীমিত ক্যালিবারের অস্ত্র রাখা যাবে। একাধিক অস্ত্রের লাইসেন্স অনুমোদিত হবে না। স্বয়ংক্রিয় বা সামরিক অস্ত্রের লাইসেন্স দেওয়া যাবে না। এই নীতিমালার আওতায় অনুমোদিত লাইসেন্সের মেয়াদ থাকবে নির্বাচনের ফল ঘোষণার পর ১৫ দিন। এরপর এ ধরনের লাইসেন্স স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। তবে নীতিমালার অন্যান্য শর্ত পূরণ হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সাময়িক লাইসেন্সকে সাধারণ লাইসেন্সে রূপান্তর করতে পারবে। লাইসেন্সের মেয়াদ পেরিয়ে গেলে বা লাইসেন্স বাতিল হওয়ার পরও কোনো লাইসেন্সধারী এর বিপরীতে কোনো আগ্নেয়াস্ত্র রাখলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। রিটেইনার বা গানম্যান রাখার অনুমতি পেতে হলেও কিছু শর্ত মানতে হবে। কোনো রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা নির্বাচনের কোনো প্রার্থী লাইসেন্স পাওয়ার যোগ্য হলে এবং তিনি আগ্নেয়াস্ত্র কিনতে অসমর্থ হলে বা অনিচ্ছুক হলে বৈধ লাইসেন্সসহ আগ্নেয়াস্ত্র আছে, তা পরিচালনায় সক্ষম এবং কোনো রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা পদপ্রার্থীর রিটেইনার হতে ইচ্ছুক এমন কোনো ব্যক্তিকে আগ্নেয়াস্ত্রসহ রিটেইনার নিয়োগ করতে পারবেন। সেজন্য লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। রিটেইনার বা গানম্যানকে অন্যূন ২৫ বছর বয়সী বাংলাদেশি নাগরিক হতে হবে। অপরাধমুক্ত থাকার রেকর্ড ও পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে। সরকারি হাসপাতাল থেকে পাওয়া ফিটনেস সনদ থাকতে হবে। তার আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ থাকতে হবে। এক্ষেত্রে সশস্ত্রবাহিনী বা বাংলাদেশ পুলিশের সদস্যরা অগ্রাধিকার পাবেন। একজন রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা নির্বাচনের প্রার্থী সর্বোচ্চ একজন রিটেইনার নিয়োগ দিতে পারবেন। লাইসেন্সের মেয়াদ শেষে রিটেইনারের মেয়াদও সমাপ্ত হবে।  

হাদি আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগী

ওসমান হাদির ওপর হামলাকে ‘গণতন্ত্রের ওপর আঘাত’ বলে অভিহিত করে এ ঘটনার নিন্দা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার (১৩ ডিসেম্বর) বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি আরও বলেন, হাদি আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগী। সে রাজপথের সাহসী সৈনিক। তাকে আমি নির্বাচনী মাঠে আবারও সক্রিয় পাব—সেই প্রত্যাশা করি।   ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সেখানে বিক্ষোভপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা আব্বাস। মির্জা আব্বাস বলেন, সে আমার সন্তান সমতুল্য। হাদি গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পেয়ে আমি মানসিকভাবে আহত হয়েছি। এ আঘাত গণতন্ত্রের ওপর আঘাত। যারা এই আঘাত করেছে, তাদের কালো হাত ভেঙে দিতে হবে।

Top week

রাজধানী

আন্তর্জাতিক পথশিশু দিবসে শতাধিক শিশুকে খাবার ও উপহার দিল ওয়ার্ল্ড হিউম্যান রাইটস

Admin এপ্রিল ১৩, ২০২৬ 0