সারাদেশ

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাবেক এমপির স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের দ্বিতীয় স্ত্রী খাদিজা মল্লিক সীমু ওরফে শিমলা। দীর্ঘদিনের দাম্পত্য কলহ ও মানসিক চাপের কারণে তিনি অসুস্থ ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। সোমবার (৩০ মার্চ) রাতে হিলি সিপি রোড়ের বাবার বাড়িতে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেন তিনি। বর্তমানে শিমলা দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। খাদিজার পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক আত্মগোপনে রয়েছেন। সেই থেকেই তার স্ত্রী খাদিজা হাকিমপুর উপজেলা শহরের সিপি রোড এলাকায় বাবা বাবু মল্লিকের বাড়িতে অবস্থান করছিলেন। ২০১৯ সালের ৮ জুন শিবলী সাদিকের সঙ্গে তার বিয়ে হয়েছিল। হাসপাতালে ভর্তির আগে খাদিজা তার নিজের ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে তার ওপর হওয়া অন্যায়ের অভিযোগ আনেন তিনি লেখেন, ‘আমি যথেষ্ট শক্ত ছিলাম, কিন্তু এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন। দীর্ঘ ৭ বছর ধরে আমার সঙ্গে হওয়া অন্যায় ও জুলুম আমি আর নিতে পারছি না। বিয়ের ২-৩ মাস পর থেকেই এসব সহ্য করতে করতে আমি আজ ক্লান্ত, আমি শান্তিতে ঘুমাতে চাই।’ পোস্টে তিনি স্বামী শিবলী সাদিকসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে অভিযোগ করেন যে, তার এই পরিণতির জন্য তারাই দায়ী। নিজের মেয়ের উদ্দেশ্যে তিনি লেখেন, ‘স্নেহা, তোমার জন্য আমার দোয়া রইল। তুমি আমার জন্য যথেষ্ট লড়েছো।’ মা-বাবার কাছে ক্ষমা চেয়ে তিনি আরও উল্লেখ করেন যে, তার এই সিদ্ধান্ত ভুল হলেও পরিস্থিতি তাকে বাধ্য করেছে। জিয়া হার্ট ফাউন্ডেশনের কর্তব্যরত চিকিৎসক মুসা আল আশারী জানিয়েছেন, রাত সোয়া ৮টার দিকে খাদিজাকে হাসপাতালে আনা হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল হলেও তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি জানান, এখন তার অবস্থান অনেকটায় ভালো।   উল্লেখ্য, সাবেক এমপি শিবলী সাদিক এর আগে জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হওয়ার পর ২০১৯ সালে তিনি পারিবারিকভাবে খাদিজাকে বিয়ে করেন।

Admin মার্চ ৩১, ২০২৬ 0
ক্রসিংয়ে উঠেই বাসের তেল শেষ, ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ নিহত ৫

টাঙ্গাইলের কালিহাতিতে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। শুক্রবার (২৭ মার্চ) রাতে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে। ঘারিন্দা রেলওয়ের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান পাঁচজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রেলক্রসিং পার হওয়ার সময় একটি বাসের তেল শেষ হয়ে যায়। এতে বাসটি রেললাইনেই দাঁড়িয়ে থাকে। এসময় টাঙ্গাইল থেকে ছেড়া আসা সিরাজগঞ্জে এক্সপ্রেসের ট্রেনটি বাসটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এসআই মিজান আরও বলেন, নিহতদের মধ্যে তিনজন নারী, একজন পুরুষ ও একজন শিশু রয়েছেন। আমরা ঘটনাস্থলে কাজ করছি। 

Admin মার্চ ২৮, ২০২৬ 0
ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে আগুন

চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনের বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট ও কুমিরা সংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ট্রেনের যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই ট্রেনের দুটি বগি থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই দ্রুত ট্রেন থেকে নেমে যাওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Admin মার্চ ২৬, ২০২৬ 0
দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় বাসডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে রয়েছে ১১ জন নারী, ৮ শিশু ও ৪ জন পুরুষ। ২১ জনের মরদেহ ইতোমধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল ও জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর মো. হাফিজুর রহমান। নিহতরা হলেন- রাজবাড়ী পৌরসভার ভবানীপুর লালমিয়া সড়ক এলাকার মৃত ইসমাঈল হোসেন খানের স্ত্রী রেহেনা আক্তার (৬১), কুষ্টিয়া পৌরসভার ১৮নং ওয়ার্ডের মজমপুর গ্রামের মো. আবু বক্কর সিদ্দিকের স্ত্রী মর্জিনা খাতুন (৫৬), কুষ্টিয়া সদর উপজেলার খাগড়বাড়ীয়া গ্রামের হিমাংশু বিশ্বাসের ছেলে রাজীব বিশ্বাস (২৮), রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ড সজ্জনকান্দা গ্রামের মৃত ডা. আবদুল আলীমের মেয়ে জহুরা অন্তি (২৭), একই গ্রামের কাজী মুকুলের ছেলে কাজী সাইফ (৩০), গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর বারকিপাড়া গ্রামের রেজাউল করিমের স্ত্রী মর্জিনা আক্তার (৩২), কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার সমাজপুর ইউনিয়নের ধুশুন্দু গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে শিশু ইস্রাফিল (৩), গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বারকিপাড়া গ্রামের রেজাউল করিমের মেয়ে সাফিয়া আক্তার রিন্থি (১২), রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে ফাইজ শাহানূর (১১), রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের কেবিএম মুসাব্বিরের ছেলে তাজবিদ (৭), বালিয়াকান্দি উপজেলার পশ্চিম খালখোলা গ্রামের আরব খানের ছেলে গাড়ী চালক আরমান খান (৩১), কালুখালী উপজেলার মহেন্দ্রপুর গ্রামের আব্দুল আজিজের স্ত্রী নাজমিরা জেসমিন (৩০), রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সোবাহান মণ্ডলের মেয়ে লিমা আক্তার (২৬), সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড় চর বেনি নগর গ্রামের মান্নান মন্ডলের স্ত্রী জোছনা (৩৫), গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের নোয়াধা গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের স্ত্রী মুক্তা খানম (৩৮), দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মথুয়ারাই গ্রামের  মৃত নূর ইসলামের স্ত্রী নাছিমা (৪০), ঢাকা জেলার আশুলিয়া উপজেলার বাগধুনিয়া পালপাড় গ্রামের মো. নুরুজ্জামানের স্ত্রী আয়েশা আক্তার সুমা (৩০), রাজবাড়ী পৌরসভার সোহেল মোল্লার মেয়ে সোহা আক্তার (১১), কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার সমসপুর ইউনিয়নের গিয়াস উদ্দিন রিপনের মেয়ে আয়েশা সিদ্দিকা (১৩), ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার কাচেরকোল ইউপির নুরুজ্জামানের ছেলে শিশু আরমান (৭ মাস), রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুর রহমান (৬), রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের আগমারাই গ্রামের শরিফুল ইসলামের ছেলে সাবিত হাসান (৮) ও রাজবাড়ী পৌরসভার ৮নং ওয়ার্ড ভবানীপুর লালমিয়া সড়ক এলাকার ইসমাইল হোসেন খানের ছেলে আহনাফ তাহমিদ খান (২৫)। রাজবাড়ীর জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর মো. হাফিজুর রহমান বলেন, দৌলতদিয়া নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২১ জনের মরদেহ রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি দুজনের মরদেহ পরিবারের সদস্যরা এলে তাদের কাছে হস্তান্তর করা হবে। এর আগে বুধবার বিকেল সোয়া ৫টার দিকে ঘাটের ৩নং পন্টুন থেকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের ওই বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।

Admin মার্চ ২৬, ২০২৬ 0
কলমাকান্দা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এনসিপি নেতা আহমদ শফী

নিজস্ব প্রতিবেদক, কলমাকান্দা (নেত্রকোণা) নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের আমেজ শুরু হয়েছে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা ও বিশিষ্ট সংগঠক আহমদ শফী। ​তিনি বর্তমানে এনসিপি কলমাকান্দা উপজেলা শাখার প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর এই ঘোষণা স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। ​উন্নয়নের অঙ্গীকার ও লক্ষ্য ​প্রার্থিতার বিষয়ে আহমদ শফী জানান, জনগণের প্রত্যাশা ও দীর্ঘদিনের অবহেলিত উন্নয়ন ভাবনাকে প্রাধান্য দিয়েই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। তাঁর মূল লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে: ​স্বচ্ছতা ও জবাবদিহিতা: একটি দুর্নীতিমুক্ত ও জবাবদিহিতামূলক উপজেলা প্রশাসন নিশ্চিত করা। ​মডেল উপজেলা: কলমাকান্দাকে আধুনিক ও নাগরিক সুবিধা সম্বলিত একটি 'মডেল উপজেলা' হিসেবে গড়ে তোলা। ​জনকল্যাণ: তৃণমূল মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া। ​আহমদ শফী বলেন, "আমি কলমাকান্দার সন্তান হিসেবে এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই। অবহেলিত জনপদকে এগিয়ে নিতে আমি সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।" ​তৃণমূলের সমর্থন ও রাজনৈতিক বিশ্লেষণ ​দলীয় সূত্রে জানা গেছে, হুট করে নয় বরং তৃণমূল নেতাকর্মীদের মতামত এবং স্থানীয় জনগণের জোরালো দাবির প্রেক্ষিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ইতোমধ্যে তাঁর প্রার্থিতার খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মী ও সামাজিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ​রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আহমদ শফী একজন তরুণ ও সক্রিয় নেতা হিসেবে পরিচিত। নির্বাচনী মাঠে তাঁর উপস্থিতি তরুণ ভোটারদের আকৃষ্ট করার পাশাপাশি ভোটের লড়াইয়ে নতুন মাত্রা যোগ করতে পারে।

Admin মার্চ ১৭, ২০২৬ 0
যানজট নিরসনে ধাপে ধাপে ছুটি হবে পোশাক কারখানা

  আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সরকারি চাকরিজীবীদের ঈদুল ফিতরের ছুটি। টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সরকারি ছুটি সাতদিনের হলেও পোশাক কারখানায় এ ছুটি ৭-১০ দিনের মতো হচ্ছে। ঈদে যানজট ও ভোগান্তি এড়াতে ধাপে ধাপে গাজীপুরের পোশাক কারখানাগুলো ছুটি দেওয়া হবে। পুলিশ ও পোশাক কারখানার মালিকগণের সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার থেকেই অনেক পোশাক কারখানা ছুটি হয়ে যাবে। আগামী ১৯ মার্চ (বৃহস্পতিবার) পর্যন্ত ছুটি দেওয়া অব্যাহত থাকবে।  সংশ্লিষ্টরা জানিয়েছেন, এতে পোশাক কারখানা শ্রমিকরা টানা চার দিন ধরে ধাপে ধাপে গন্তব্যে যেতে পারবেন। এতে পোশাক শ্রমিকদের গন্তব্যে পৌঁছাতে ভোগান্তি এবং যানজট এড়ানো সম্ভব হবে বলে কর্তৃপক্ষ আশা করছে। তবে এরইমধ্যে অনেকে তাদের পরিবার পরিজন গ্রামে পাঠানো শুরু করে দিয়েছেন। ঈদে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানান, পোশাক শ্রমিকদের ঈদ উদযাপনে গ্রামের বাড়িতে যেতে যেন কোনো প্রকার ভোগান্তি না হয় এবং যানজটের কবলে পড়তে না হয় সেজন্য গাজীপুরের সকল পোশাক কারখানাগুলো একযোগে ছুটি না দিয়ে ধাপে ধাপে ছুটি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই হিসাবে সোমবার বিকেল থেকেই পোশাক শ্রমিকরা ঈদ উদযাপন করতে নিজ নিজ গ্রামের বাড়ি যাওয়া শুরু করবেন বলে আশা করছি।  

Admin মার্চ ১৬, ২০২৬ 0
ভয়াবহ সেই দুর্ঘটনায় নিহতের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

  বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারীসহ ১৪ জন নিহত হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন বিআরটিএ বাগেরহাটের সহকারী পরিচালক লায়লাতুল মাওয়া এবং সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) রেফাতুল ইসলাম। তিন সদস্যবিশিষ্ট এ কমিটি  দুর্ঘটনার কারণ অনুসন্ধান করবে এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে প্রয়োজনীয় সুপারিশও করবে। দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন,  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি দ্রুত সময়ের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে। এ ছাড়া জেলা প্রশাসনের ত্রাণ তহবিল, জেলা পরিষদ এবং সড়ক পরিবহন আইনের ৫৪ ধারার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের নিহত প্রত্যেক সদস্যের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। ইতিমধ্যে নিহত মাইক্রোবাসচালক মো. নাঈম শেখের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

Admin মার্চ ১৩, ২০২৬ 0
তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এদের মধ্যে ২২ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।  আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা অভিযোগপত্র গ্রহণ করে এ আদেশ দেন। আসামিরা হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক উপ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. জালাল মিয়া, ওই হলের আহসান উল্লাহ ওরফে বিপুল শেখ, ভূগোল বিভাগের আল হোসাইন সাজ্জাদ, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের মো. মোত্তাকিন সাকিন শাহ, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সুমন মিয়া, ওয়াজিবুল আলম, ফিরোজ কবির, আব্দুস সামাদ, সাকিব রায়হান, ইয়াছিন আলী, ইয়ামুজ্জামান ওরফে ইয়াম, ফজলে রাব্বি, শাহরিয়ার কবির শোভন, মেহেদী হাসান ইমরান, রাতুল হাসান, সুলতান মিয়া, নাসির উদ্দিন, মোবাশ্বের বিল্লাহ, শিশির আহমেদ, মহসিন উদ্দিন ওরফে শাফি, আব্দুল্লাহিল কাফী, শেখ রমজান আলী রকি, রাশেদ কামাল অনিক, মনিরুজ্জামান সোহাগ, আবু রায়হান, রেদোয়ানুর রহমান পারভেজ, রাব্বিকুল রিয়াদ এবং আশরাফ আলী মুন্সী। এদের মধ্যে আহসান উল্লাহ ওরফে বিপুল শেখ ও ওয়াজিবুল আলম জামিনে আছে।  জালাল মিয়া, আল হোসেন সাজ্জাদ, মো. মোত্তাকিন সাকিন শাহ ও সুমন মিয়া কারাগারে রয়েছে। অপর ২২ আসামি পলাতক রয়েছে। ২০২৪ সালের গত ১৮ সেপ্টেম্বর রাত পৌনে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়। পরদিন ১৯ সেপ্টেম্বর রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ। মামলাটি তদন্ত করে গত বছরের ৩০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন শাহবাগ থানার পরিদর্শক মো. আসাদুজ্জামান। অভিযোগপত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ শিক্ষার্থীকে অভিযুক্ত করা হয়। মামলার তদন্ত সুষ্ঠু হয়নি উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পুলিশের দেওয়া অভিযোগপত্রে নারাজি দাখিল করা হয়। গত বছরের ২৬ ফেব্রুয়ারি ঢাকার তৎকালীন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)-কে মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দেন। পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার হান্নানুল ইসলাম গত ১৫ ডিসেম্বর নতুন করে আরো সাত জনসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর রাত পৌনে ৮টার সময় একজন যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের গেটে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র তাকে আটক করে প্রথমে ফজলুল হক মুসলিম হলের মূল ভবনের গেস্ট রুমে নিয়ে যান। মোবাইল চুরির অভিযোগ করে তারা ওই যুবককে এলোপাতাড়ি চর-থাপ্পড় ও কিল-ঘুষি মারেন।

Admin মার্চ ১০, ২০২৬ 0
সিলেটে তেল না পেয়ে পাম্পকর্মীকে ছুরিকাঘাত

  সিলেট নগরীতে পেট্রোল পাম্পে তেল না পেয়ে পাম্পের কর্মীকে ছুরিকাঘাত করেছেন এক গ্রাহক। সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নগরীর চৌকিদেখী এলাকার উত্তরা পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে। আহত পেট্রোল পাম্পকর্মীর নাম মিঠু গোয়ালা। ছুরিকাঘাতের পর তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্র এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, বিকেলে ইফতারের দুই মিনিট আগে চৌকিদেখী এলাকার উত্তরা পেট্রোল পাম্পে তেল নিতে আসেন এক গ্রাহক। এসময় ইফতারের সময় ঘনিয়ে আসায় তেল দিতে অপারগতা প্রকাশ করায় ওই গ্রাহকের সঙ্গে কর্মীদের কথা-কাটাকাটি হয়। ইফতার শেষে ওই গ্রাহক আবার পাম্পে এসে মিঠু গোয়ালা নামের এক কর্মীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে তার সহকর্মীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরিদর্শক সৌমেন মৈত্র বলেন, আহত পেট্রোল পাম্পকর্মী এখন শঙ্কামুক্ত। অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে পুলিশ কাজ করছে।

Admin মার্চ ৯, ২০২৬ 0
মিরপুরে বহুতল বাণিজ্যিক ভবনে আগুন

রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১ তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায়। ১টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌঁছে। ফায়ার সার্ভিস আরো জানায়, ওই ভবনে আটকেপড়া ৪ জনকে ফায়ার সার্ভিস কর্তৃক উদ্ধার করেছে।  

Admin মার্চ ৯, ২০২৬ 0
বাঁশ বাগানে পানির ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল

  নাটোরের সিংড়া উপজেলায় মাটির নিচে অবৈধভাবে মজুত করা প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৭ মার্চ) দুপুরে সিংড়া থানা মোড় এলাকায় অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। এ ঘটনায় ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করে প্রশাসন। চলতি বোরো মৌসুমে কৃত্রিম জ্বালানি সংকট দূর করতে আজ বিকেলে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাতের নেতৃত্বে উপজেলার জামতলী, নিংগইন, বাস টার্মিনালসহ মোট চারটি পাম্পে এসব অভিযান পরিচালনা করা হয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে নিংগুইন ভাটোপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানের এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে নিংগুইন ভাটোপাড়া এলাকায় অভিযান পরিচালনা করলে ভাটোপাড়া মহল্লার মসজিদের দক্ষিণ পাশে বাঁশের ঝাড়ের মধ্যে মাটির নিচে পানির ট্যাংকি বসিয়ে মজুত করা ১০ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। পরে জ্বালানি তেল সংরক্ষণ করে কৃত্রিম সংকট সৃষ্টির অপরাধে ব্যবসায়ী রুবেল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

Admin মার্চ ৭, ২০২৬ 0
টঙ্গী বাজারের রাবেয়া মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

  গাজীপুরের টঙ্গী বাজারের রাবেয়া মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত ১২টার পর পর এই আগুনের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, রাত ১২টার দিকে টঙ্গী বাজারের রাবেয়া মার্কেটে হঠাৎ আগুন লাগে। আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা যার যার মতো করে সাধ্যমতো আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত পৌনে ১২টায় এই প্রতিবেদন লেখার সময় আগুন নিয়ন্ত্রণে আসেনি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার মহিউদ্দিন আহমেদ কালের কণ্ঠকে বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।

Admin মার্চ ৬, ২০২৬ 0
অপহরণের পর কিশোরীকে হত্যার ঘটনায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫

  নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর এক কিশোরীকে হত্যার ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নিহত কিশোরীর মা বাদী হয়ে মাধবদী থানায় মামলাটি করেন। রাতেই মামলার এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ইউনিয়ন বিএনপির এক নেতা ও তাঁর ছেলে রয়েছেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দীর মধ্যবর্তী একটি শর্ষেখেত থেকে কিশোরীর লাশ উদ্ধার করা হয়। মহিষাশুড়া ইউনিয়নের একটি এলাকায় ভাড়া বাসায় বাবা, মা ও ভাইয়ের সঙ্গে থাকত সে। তার বাবা ও ভাই স্থানীয় একটি টেক্সটাইল মিলে শ্রমিক হিসেবে কাজ করেন। তাঁদের বাড়ি বরিশালে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মহিষাশুড়া ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহম্মদ আলী দেওয়ান (৬৫), তাঁর ছেলে ইমরান দেওয়ান (৩২) এবং মো. এবাদুল্লাহ (৩৫), আইয়ুব আলী (৩০) ও মো. গাফফার (৩৭)। মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, স্থানীয়ভাবে বখাটে হিসেবে পরিচিত নূরা নামের এক তরুণের সঙ্গে কিশোরীর কথাবার্তা ছিল। ১৫ দিন আগে নূরার নেতৃত্বে পাঁচ-ছয়জন তরুণ কিশোরীকে তুলে নেয়। তখন তাকে ধর্ষণ করা হয় বলে পরিবারের অভিযোগ। এ ঘটনার বিচারের জন্য কিশোরীর পরিবার মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহম্মদ আলী দেওয়ানের কাছে যায়। তবে পরিবারটি বিচার পায়নি। সাবেক ইউপি সদস্যের কাছে অভিযোগ করায় নূরাসহ সংশ্লিষ্ট তরুণেরা ক্ষুব্ধ হন। এমন পরিস্থিতিতে গত বুধবার রাতে মেয়েকে খালার বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন বাবা। পথে বিলপাড় এলাকায় পৌঁছালে নূরার নেতৃত্বে ছয় তরুণ বাবার কাছ থেকে কিশোরীকে অপহরণ করে নিয়ে যান। রাতভর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও মেয়েটির সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে গতকাল সকাল সাড়ে ৯টার দিকে খোঁজাখুঁজির একপর্যায়ে বিলপাড় ও দড়িকান্দী এলাকার মাঝামাঝি একটি শর্ষেখেতে কিশোরীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে মাধবদী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। কিশোরীর পরিবারের সদস্যদের অভিযোগ, ধর্ষণের বিচারের দায়িত্ব নিয়ে আহম্মদ আলী দেওয়ান অপরাধীদের সঙ্গে রফাদফা করে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করেন এবং কোনো বিচার না করেই ঘটনাটি ধামাচাপা দেন। পাশাপাশি কিশোরীর পরিবারকে গ্রাম ছেড়ে চলে যেতে চাপ দেন। বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। এর জেরেই গত বুধবার রাতে বাবার সামনে থেকে কিশোরীকে অপহরণের পর শর্ষেখেতে নিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় এক ফেসবুক পোস্টে সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির (খোকন) লেখেন, ‘এই জঘন্য হত্যাকাণ্ডের সকল অপরাধীকে গ্রেপ্তারের মাধ্যমে নিহত কিশোরীর পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা হবে। এর জন্য আমার সাধ্যের সবটুকু করব। একজন অপরাধীকেও ছাড় দেওয়া হবে না।’ মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, নিহত কিশোরীর মা গতকাল রাতে নয়জনকে আসামি করে মামলা করেছেন। এর মধ্যেই এজাহারভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি নূরাকে গ্রেপ্তারে থানার পুলিশসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা অভিযান চালাচ্ছে। দ্রুতই তাঁরা গ্রেপ্তার হবেন।

Admin ফেব্রুয়ারি ২৭, ২০২৬ 0
শ্রীমঙ্গলে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খাল খননের সময় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ের অবিস্ফোরিত একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে সেটি নিষ্ক্রিয় করেছে বাংলাদেশ পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক জানান, রাত আটটার দিকে বোম ডিসপোজাল ইউনিটের টিম মর্টার শেলটি নিষ্ক্রিয় করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার অবিস্ফোরিত গোলাবারুদ। এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের দুর্গানগর গ্রামের কৃষক শহিদ মিয়া ড্রেন (খাল) খননের সময় মাটির নিচে একটি লোহার মতো ধাতব বস্তু দেখতে পান। পরে সেটি বোমা, লাঞ্চার বা মাইন হতে পারে—এমন আশঙ্কা স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজু এবং শ্রীমঙ্গল থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে এলাকাটি নিরাপত্তার স্বার্থে ঘিরে রাখা হয়। পুলিশ জানায়, ঘটনাস্থলে গিয়ে স্থানীয় একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বস্তুটি পরীক্ষা করে এটি মর্টার শেলের অংশ বলে শনাক্ত করেন এবং পুলিশকে খবর দেন। এরপর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এসে পরীক্ষা-নিরীক্ষা শেষে সেটি নিষ্ক্রিয় করে। সহকারী পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজু বলেন, ‘আমরা ঘটনা শুনার পর সেখানে পরিদর্শন করি। পরে সিলেট মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের টিম পরীক্ষা নিরীক্ষা করে রাত আটটার সেটি নিষ্ক্রিয় করে।

Admin ফেব্রুয়ারি ২৩, ২০২৬ 0
সিরাজগঞ্জে ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত দ্বন্দ্ব, মসজিদে তালা

  সিরাজগঞ্জে ইমাম নিয়োগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে দ্বন্দ্বের জেরে মসজিদে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ফজরের নামাজ মসজিদের বাইরে পড়তে হয়েছে মুসল্লিদের। রবিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পেচিবাড়ি জামে মসজিদে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার ভোরে সেহেরি শেষে ফজরের নামাজ পড়তে মুসল্লিরা মসজিদে গিয়ে প্রধান ফটক তালাবদ্ধ দেখতে পান। বাধ্য হয়ে মসজিদের বাইরেই নামাজ পড়েন মুসল্লিরা। দুপুরের দিকে সদর থানা পুলিশ ইসলামিক ফাউন্ডেশন ও মসজিদ কমিটির উপস্থিতিতে তালা ভেঙে মুসল্লিদের নামাজের ব্যবস্থা করে দেয়।   বাগবাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মোকাদ্দেস আলী বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জামায়াতের লোকজন এককভাবে মসজিদের কমিটি করে এবং জামায়াত সমর্থিত একজনকে ইমাম হিসেবে নিয়োগ করে। ওই ইমামের কিরাত অনেকেরই পছন্দ না। তাই ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের পর ওই ইমামকে বদলানোর জন্য চাপ দেয় গ্রামের লোকজন। এরপর ওয়াক্তের নামাজ ওই ইমাম এবং তারাবির নামাজ অন্য ইমাম দিয়ে পড়ানোর সিদ্ধান্ত হয়। বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সভাপতি আবুল কালাম মাস্টারকে আলোচনা করার জন্য বলা হলেও সেক্রেটারি রফিকুল ইসলাম রাজি হননি। এ নিয়ে এলাকায় মারামারিও হয়েছে। মোকাদ্দেস আলী আরো বলেন, শনিবার রাতে গ্রামের লোকজনের সিদ্ধান্ত মোতাবেক আমরা অন্য একজন ইমামের ইমামতিতে মাগরিব ও এশার নামাজ পড়েছি। রবিবার ভোরে ফজরের নামাজ পড়তে এসে দেখি জামায়াতের লোকজন মসজিদে তালা দিয়েছে।   মসজিদ কমিটির সেক্রেটারি রফিকুল ইসলাম বলেন, আমরা জামায়াতের সমর্থক। মসজিদে কে তালা দিয়েছে তা বলতে পারব না। বিএনপির লোকজনের অপছন্দের কারণে ইমাম আব্দুল হাইকে বাদ দেওয়া হয়েছে।

Admin ফেব্রুয়ারি ২২, ২০২৬ 0
প্যারোলে মুক্তিতে মায়ের জানাজায় আলোচিত সেই রানা প্লাজার মালিক সোহেল

  মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়ে সাভারে এসে উপস্থিত সবার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন আলোচিত রানা প্লাজার মালিক ও যুবলীগ নেতা সোহেল রানা। এ সময় সাভার মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে প্রায় একযুগ পর কয়েক ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান। সন্ধ্যায় সাভার পৌর এলাকার একটি মাদরাসা মসজিদে মায়ের জানাজায় অংশ নেন তিনি। এ সময় রানা প্লাজার মালিক সোহেল রানা উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, আমার মা'র জন্য সবাই দোয়া করবেন এবং আমার ভুলের জন্য আমাকে মাফ করবেন সবাই'। রানার চাচাতো ভাই জাহাঙ্গীর আলম জানান, আমরা চাচি মর্জিনা বেগম দীর্ঘদিন যাবত ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার রাতে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে প্যারোলে আবেদন করলে সোহেল রানাকে সন্ধ্যা ৬ টার দিকে পুলিশ সাভারে নিয়ে আসে। এসময় রানা সকলের কাছে তার ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। পরে জানাযা শেষে তাকে সাড়ে ৭ টার দিকে কারাগারে নিয়ে যায় পুলিশ।

Admin ফেব্রুয়ারি ২১, ২০২৬ 0
কুষ্টিয়ায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

  কুষ্টিয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন খাজানগর এলাকার মৃত সিরাজুল ইসলামের দুই স্ত্রী আমেনা খাতুন (৬৫) ও কমেলা খাতুন (৬২), আমেনা খাতুনের মেয়ের জামাই ও অটোরিকশা চালক জাকারিয়া সরকার (৪০) এবং একই এলাকার আব্দুল মালেকের ছেলে আশরাফুল (২৮)। এছাড়া এক নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, অটোরিকশাটি শহরের কবুরহাট এলাকা থেকে বাইপাস হয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার সঙ্গে সরাসরি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক জয়দেব বলেন, ‘দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি আটক করা হয়েছে। তবে ট্রাকচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। কুষ্টিয়া সদর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা আরদেশ আলী জানান, ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং আহত দুজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

Admin ফেব্রুয়ারি ২১, ২০২৬ 0
পবিত্র রমজান মাসের প্রথম জুমা: বায়তুল মোকাররমে মুসল্লিদের ভিড়

  পবিত্র রমজান মাসের প্রথম জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এ সময় নামাজ আদায় করতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ছিল মুসল্লিদের ঢল। নামাজের পর দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে।  আজ শুক্রবার দুপুরে আজানের পর থেকেই দলে দলে মানুষ নামাজ আদায়ে মসজিদে আসতে শুরু করেন। বায়তুল মোকাররমে দেখা গেছে, সকাল সাড়ে ১১টা থেকে বিভিন্ন এলাকায় নানা বয়সী মানুষ মসজিদে আসা শুরু করেন। দুপুর সাড়ে ১২টার দিকেই ভরে ওঠে মসজিদের মূল ভবন। ফলে মসজিদের ভেতরে জায়গা না হওয়ায় অনেক মুসল্লি বাইরে নামাজ আদায় করেন। নগরীর নানা প্রান্ত থেকে বায়তুল মোকাররম মসজিদে এসে জুমার নামাজ আদায় করেন মানুষ।

Admin ফেব্রুয়ারি ২০, ২০২৬ 0
দেশে মৃদু ভূমিকম্প অনুভূত

  দেশে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৪ দশমিক ১ ছিল বলে জানিয়েছে ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পের উৎপত্তি বলে জানিয়েছে ইএমএসসি। এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আর মাই আর্থকোয়েক অ্যালার্ট জানিয়েছে, ভূমিকম্পটির উত্তপত্তিস্থল ঢাকা থেকে ১৮১ কিলোমিটার দূরে সুনামগঞ্জের ছাতকে।    ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৪ দশমিক ১০ ছিল জানিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সজীব হোসাইন গণমাধ্যমকে বলেছেন, এর গভীরতা স্বল্পমাত্রার হওয়ায় আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৬২৬ কিলোমিটার গভীরে। তবে এই ভূমিকম্পে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।  

Admin ফেব্রুয়ারি ১৯, ২০২৬ 0
কারওয়ান বাজার ও পুরান ঢাকায় অগ্নিকাণ্ড

  রাজধানীর কারওয়ান বাজারের কাঠপট্টিতে একটি পাঁচতলা ভবনে আগুন লেগেছে। সোমবার রাতে লাগা আগুন তৃতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে না আসায় পরে আরও পাঁচটি ইউনিট সেখানে পাঠানো হয়। অন্যদিকে পুরান ঢাকার বংশালের আগামসি লেনের একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।   ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালেদ সমকালকে বলেন, রাত ১০টা ২৮ মিনিটে কাঠপট্টিতে ইংরেজি অক্ষর ‘এল’ আকৃতির একটি ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। সেখানে একে একে ১০টি ইউনিট পাঠানো হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। স্থানীয়দের তথ্যমতে, ভবনের দোতলা থেকে পঞ্চম তলা পর্যন্ত একটি প্রতিষ্ঠানের ডায়াপারের গুদাম রয়েছে। আর আশেপাশে সব কাঠের দোকান।  স্থানীয় সূত্র জানায়, ডায়াপার দাহ্যবস্তু হওয়ায় আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। তৃতীয় তলায় লাগা আগুন ওপরের তলাগুলোতেও পৌঁছে যায়। প্রথমে আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে কাজ শুরু করেন। এদিকে বংশালের আগামসি লেনের একটি জুতার কারখানায় রাত পৌনে ১১টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, সাততলা একটি ভবনের চতুর্থ তলার জুতার কারখানা। সেখানে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। রাত ১১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

Admin ফেব্রুয়ারি ১৭, ২০২৬ 0
শাপলা কলিতে ভোট দেওয়ায় তিন সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ

  নোয়াখালীর হাতিয়া উপজেলার ২নং চাননন্দী ইউনিয়নে শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার জেরে তিন সন্তানের জননীকে (৩২) নিজ ঘরে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী স্থানীয় নলেরচর একটি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। শনিবার দুপুরে নোয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিতে এসে এ তথ্য জানান ভুক্তভোগী। পরে তাকে ইমার্জেন্সি বিভাগে চিকিৎসা শেষে হাসপাতালের গাইনী বিভাগে ভর্তি করানো হয়। তিনি হাতিয়া উপজেলা চানন্দি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা। এ সময় তারা একাধিক বাড়ি- ঘরে হামলা চালায়।  এ বিষয়ে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার, ডা. মোস্তাফিজুর রহমান বলেন, আমার কাছে হাতিয়া থেকে আসা একজন রোগী বয়স ৩২ বছর। তিনি অভিযোগ করেছেন যে গতকাল রাত ১১টার দিকে তাকে মারধর ও শারীরিক নির্যাতন (যৌন হয়রানি) করা হয়েছে। আমরা তৎক্ষণাৎ রোগীকে ভর্তি করেছি এবং শারীরিক পরীক্ষার জন্য আমাদের গাইনি বিভাগে পাঠিয়েছি। বাকিটা গাইনি বিভাগের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে চূড়ান্ত ফলাফল জানাবেন।" ভুক্তভোগী দেওয়া তথ্যমতে, গত রাতে ১১টার দিকে তিন ব্যক্তি তার ঘরে প্রবেশ করে। এদের মধ্যে 'কালা এমরান' নামের একজন এবং অজ্ঞাতনামা আরেকজন দরজায় পাহারায় ছিলেন, আর 'রহমান' নামের এক ব্যক্তি তাকে ধর্ষণ করেন। এ সময় তার স্বামীকে বেঁধে রাখা হয়েছিল বলে তিনি দাবি করেন। ওই নারীর অভিযোগ, তিনি নির্বাচনে 'শাপলা কলি' প্রতীকে ভোট দেওয়ায় ক্ষুব্ধ হয়ে এই হামলা চালানো হয়েছে। তিনি আরও জানান, অভিযুক্তরা আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও সরকার পরিবর্তনের পর এখন বিএনপির পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করছে। ঘটনার পর আজ শনিবার সকালে প্রায় ৫০ থেকে ১০০ জন লাঠিসোঁটা নিয়ে পুনরায় তার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা তার ঘরের মেইন দরজা এবং ভেতরের আসবাবপত্র ভাঙচুর করে। এসময় তারা ভুক্তভোগীকে ঘর থেকে টেনে বের করে আনে এবং 'শাপলা কলিতে' ভোট দেওয়ার' বিষয়ে কটাক্ষ করে শারীরিক নির্যাতন চালায়। ভুক্তভোগী নারী জানান, তাকে লাথি মেরে গুরুতর আহত করা হয়েছে, যার ফলে তিনি বর্তমানে ঠিকমতো হাঁটতেও পারছেন না। ওই ভুক্তভোগী জানান, প্রথমে লোকলজ্জার ভয়ে ধর্ষণের বিষয়টি গোপন রাখলেও পরবর্তীতে চিকিৎসা নিতে এসে সাংবাদিকদের কাছে তিনি বিস্তারিত তুলে ধরেন। তিনি বর্তমানে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছেন। তিন সন্তানের জননী এই নারী জানান, এলাকায় সন্ত্রাসীরা সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছে এবং বিয়ে বা সামাজিক অনুষ্ঠানেও তাদের চাঁদা দিতে হয়। এনসিপির কেন্দ্রীয় সদস্য তুহিন ইমরান বলেন, এ যুগে এসে ভোট দেওয়া নিয়ে ধর্ষণের ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি একই সাথে এ ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।   

Admin ফেব্রুয়ারি ১৪, ২০২৬ 0
Popular post
বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাশোসিয়েশনের উদ্যোগে কোচেস ট্রেনিং ও সেমিনার অনুষ্ঠিত

আব্দুল হক :- বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাশোসিয়েশনের উদ্যোগে কোচেস ট্রেনিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার ( ২ জানুয়ারী)  সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ঢাকা জেলার মুগদা টিটিপাড়া এলাকার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামের উত্তর গ্যালারী, ৩য় তলায় ট্রেনিং ও সেমিনারটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কারাতে ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক কবির আকবর চৌধুরী তাজ এর সভাপতিত্বে ও জে কে এফ ৮ম ড্যান,  ভাইস প্রেসিডেন্ট সাউথ এশিয়ান ওয়াদোকাই কারাতে  ও  বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাসোশিয়েশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি হানসি নাজনুল মোর্শেদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বাংলাদেশ জুডো কারাতে ফেডারেশনের প্রবর্তক এবং সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ মার্শাল আর্ট কন ফেডারেশনের প্রাক্তন সাধারণ সম্পাদক হাসান উজ জামান মণি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ উশু ফেডারেশনের গ্রান্ড মাষ্টার, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আলমগীর শাহ ভূইয়া, বি কে এফ রেফারি কমিশনের যুগ্ম সম্পাদক নূর মোহাম্মদ রকি, অভিনেতা ও সাবেক ন্যাশনাল প্লেয়ার, সেলফ কনফিডেন্স কারাতে একাডেমীর প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক,  বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাসেসিয়েশন সহ-সভাপতি এন এস তনু (তনু পান্ডে), বি কে এফ এর কোচ এন্ড রেফারী মোঃ উজ্জল মিয়া, বি কে এফ এর কোচ এন্ড রেফারী মোঃ আব্দুল হক, বি এস কে ইউ এর প্রতিষ্ঠাতা সদস্য ইউ মুকবুল হোসেন মুকুল,  বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মোঃ ইউনুস গাজীসহ ছাত্র -ছাত্রী  ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইউনুছ খাঁন। প্রশিক্ষণ শেষে বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও পুরষ্কার বিতরণ করা হয়।

সিঙ্গাপুর নেওয়া হচ্ছে ওসমান হাদিকে

উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। ইতোমধ্যেই তাকে নিয়ে যেতে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসেছে। অ্যাম্বুলেন্সটি বেলা ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। দুপুর দেড়টায় তাকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে। এরইমধ্যে হাদিকে আনতে বিমানবন্দর থেকে রওনা দিয়েছে ২ সদস্যের মেডিকেল প্রতিনিধি দল। তাদের মধ্যে একজন চিকিৎসক ও একজন নার্স রয়েছেন। শরিফ ওসমান হাদি জুলাই আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তিনি ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী। গত শুক্রবার দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় আয়োজিত একটি জরুরি টেলিকনফারেন্সে হাদিকে বিদেশে পাঠিয়ে বিশেষায়িত চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেস উইং জানায়, গত দুদিনে সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসা সুবিধা যাচাই করেছে। হাদির সঙ্গে সিঙ্গাপুরে যাবেন তার ভাই ওমর হাদি। সঙ্গে আরও একজনও যাবেন। ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

বিপদে শুধু আমার দরজাই সবার জন্য খোলা থাকে: পরীমনি

অভিনয় ও ব্যক্তিগত ব্যস্ততার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। নিয়মিতই নানা মুহূর্তের ছবি ও ভাবনার কথা শেয়ার করেন তিনি। এবার সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টে ‘কৃতঘ্ন’ মানুষদের নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরলেন এই অভিনেত্রী।   পরীমনি জানান, বিপদে যাদের পাশে দাঁড়ান, তারাই অনেক সময় তাকে বিপদে ফেলে দূরে সরে যান।   যদিও পোস্টে তিনি নির্দিষ্ট করে কারো নাম উল্লেখ করেননি। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘মানুষের সমস্ত বিপদে শুধু আমার দরজাই সবার জন্য খোলা থাকে। ঠিক তারাই আমাকে বিপদে ফেলে দিয়ে ভেগে যায়।’   তবে এসব ঘটনায় হতাশ নন বলেই জানান অভিনেত্রী।   বরং নিজের মনুষ্যত্ব ও বিবেক নিয়ে গর্ব প্রকাশ করেছেন তিনি।  পরীমনির ভাষায়, ‘আমি আর বদলাতে পারি নাই। না আমার মনুষ্যত্ব আর না আমার বিবেক। তার জন্যই আল্লাহ আমাকে তোমাদের মতো মানুষকে সাহায্য করার মতো সমর্থ দিয়েছেন। আলহামদুলিল্লাহ।’   সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি অকপটে প্রকাশ করার মধ্য দিয়েই আবারও আলোচনায় এই ঢালিউড তারকা।   এদিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন পরীমনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত সিনেমা ‘ডোডোর গল্প’। পাশাপাশি ‘গোলাপ’ নামের আরো একটি সিনেমা শুটিং ফ্লোরে গড়ানোর অপেক্ষায় আছে।

নির্বাচনে প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি

রাজনৈতিকভাবে ‘গুরুত্বপূর্ণ’ ব্যক্তি এবং নির্বাচনের প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়ার এবং রিটেইনার (গানম্যান) নিয়োগের সুযোগ দিতে নীতিমালা জারি করেছে সরকার। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনার পর স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের বিশেষ নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।  তারই ধারাবাহিকতায় সোমবার ওই নীতিমালার প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই বিশেষ নীতিমালার আওতায় দুই ধরনের ব্যক্তি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স এবং গানম্যান নিয়োগের আবেদন করতে পারবেন। ১. সরকার স্বীকৃত বা অনুমোদিত ‘রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ২. সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল এবং গৃহীত হয়ে থাকলে। নীতিমালার শর্তে বলা হয়েছে, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে হলে ‘উপযুক্ত কর্তৃপক্ষ (প্রযোজ্য ক্ষেত্রে গোয়েন্দা সংস্থা) কর্তৃক যাচাইকৃত নিরাপত্তা ঝুঁকি’ থাকতে হবে। শারীরিক ও মানসিক সক্ষমতা এবং অস্ত্র সংরক্ষণের নিরাপদ ব্যবস্থা থাকতে হবে। সাধারণ সময়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়ার যে নীতিমালা আছে, তার শর্তগুলো এই বিশেষ ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে সাধারণ নীতিমালায় পিস্তল, রিভলবার, রাইফেলের লাইসেন্স পেতে কমপক্ষে ৫ লাখ টাকার আয়কর দেওয়ার যে বাধ্যবাধকতার রয়েছে, এই বিশেষ ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। এই লাইসেন্সের আওতায় কেবল আত্মরক্ষার উদ্দেশ্যে সীমিত ক্যালিবারের অস্ত্র রাখা যাবে। একাধিক অস্ত্রের লাইসেন্স অনুমোদিত হবে না। স্বয়ংক্রিয় বা সামরিক অস্ত্রের লাইসেন্স দেওয়া যাবে না। এই নীতিমালার আওতায় অনুমোদিত লাইসেন্সের মেয়াদ থাকবে নির্বাচনের ফল ঘোষণার পর ১৫ দিন। এরপর এ ধরনের লাইসেন্স স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। তবে নীতিমালার অন্যান্য শর্ত পূরণ হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সাময়িক লাইসেন্সকে সাধারণ লাইসেন্সে রূপান্তর করতে পারবে। লাইসেন্সের মেয়াদ পেরিয়ে গেলে বা লাইসেন্স বাতিল হওয়ার পরও কোনো লাইসেন্সধারী এর বিপরীতে কোনো আগ্নেয়াস্ত্র রাখলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। রিটেইনার বা গানম্যান রাখার অনুমতি পেতে হলেও কিছু শর্ত মানতে হবে। কোনো রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা নির্বাচনের কোনো প্রার্থী লাইসেন্স পাওয়ার যোগ্য হলে এবং তিনি আগ্নেয়াস্ত্র কিনতে অসমর্থ হলে বা অনিচ্ছুক হলে বৈধ লাইসেন্সসহ আগ্নেয়াস্ত্র আছে, তা পরিচালনায় সক্ষম এবং কোনো রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা পদপ্রার্থীর রিটেইনার হতে ইচ্ছুক এমন কোনো ব্যক্তিকে আগ্নেয়াস্ত্রসহ রিটেইনার নিয়োগ করতে পারবেন। সেজন্য লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। রিটেইনার বা গানম্যানকে অন্যূন ২৫ বছর বয়সী বাংলাদেশি নাগরিক হতে হবে। অপরাধমুক্ত থাকার রেকর্ড ও পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে। সরকারি হাসপাতাল থেকে পাওয়া ফিটনেস সনদ থাকতে হবে। তার আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ থাকতে হবে। এক্ষেত্রে সশস্ত্রবাহিনী বা বাংলাদেশ পুলিশের সদস্যরা অগ্রাধিকার পাবেন। একজন রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা নির্বাচনের প্রার্থী সর্বোচ্চ একজন রিটেইনার নিয়োগ দিতে পারবেন। লাইসেন্সের মেয়াদ শেষে রিটেইনারের মেয়াদও সমাপ্ত হবে।  

হাদি আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগী

ওসমান হাদির ওপর হামলাকে ‘গণতন্ত্রের ওপর আঘাত’ বলে অভিহিত করে এ ঘটনার নিন্দা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার (১৩ ডিসেম্বর) বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি আরও বলেন, হাদি আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগী। সে রাজপথের সাহসী সৈনিক। তাকে আমি নির্বাচনী মাঠে আবারও সক্রিয় পাব—সেই প্রত্যাশা করি।   ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সেখানে বিক্ষোভপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা আব্বাস। মির্জা আব্বাস বলেন, সে আমার সন্তান সমতুল্য। হাদি গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পেয়ে আমি মানসিকভাবে আহত হয়েছি। এ আঘাত গণতন্ত্রের ওপর আঘাত। যারা এই আঘাত করেছে, তাদের কালো হাত ভেঙে দিতে হবে।

Top week

রাজধানী

আন্তর্জাতিক পথশিশু দিবসে শতাধিক শিশুকে খাবার ও উপহার দিল ওয়ার্ল্ড হিউম্যান রাইটস

Admin এপ্রিল ১৩, ২০২৬ 0