খেলা

তারকা খেলোয়াড়দের ছাড়াই বাংলাদেশে দল পাঠাচ্ছে নিউজিল্যান্ড

পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে সিরিজ জয়ের পর বেশ ফুরফুরে মেজাজেই আছে বাংলাদেশ দল। সেই সাফল্যের ধারাবাহিকতায় ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে লাল-সবুজদের। চার নম্বরে থাকা পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়ে তিন রেটিং পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ, যার ফলে দশ নম্বর থেকে এক ধাপ এগিয়ে এখন নবম স্থানে উঠেছে তারা। এই অবস্থান ধরে রাখতে পারলে আগামী বছরের মার্চ পর্যন্ত সরাসরি বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পাবে বাংলাদেশ। তাই সামনে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগামী ১৩ এপ্রিল দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড দল। মিরপুরে ১৭, ২০ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ২৭ ও ২৯ এপ্রিল এবং ২ মে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তবে র‍্যাঙ্কিংয়ের হিসাব বিবেচনায় বাংলাদেশের জন্য ওয়ানডে সিরিজটিই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে এই সিরিজে বাংলাদেশকে বেশ সুবিধাজনক অবস্থানে রাখছে নিউজিল্যান্ডের দল নির্বাচন। কারণ আইপিএল ও পিএসএলের ব্যস্ত সূচির কারণে নিউজিল্যান্ড তাদের প্রথম সারির বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে পাচ্ছে না। বাংলাদেশ সফরের দলে থাকছেন না অধিনায়ক মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, টিম সাইফার্ট, ফিন অ্যালেন, কাইল জেমিসন, জেকব ডাফি ও লকি ফার্গুসন। এছাড়া পাকিস্তান সুপার লিগে ব্যস্ত থাকায় মার্ক চ্যাপম্যান ও ড্যারিল মিচেলও এই সিরিজে খেলবেন না। সব মিলিয়ে প্রথম সারির ১০ ক্রিকেটারকে ছাড়াই বাংলাদেশে দল পাঠাচ্ছে কিউইরা। ফলে অনেকটাই তরুণ ও অনভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে গড়া দ্বিতীয় সারির দলই দেখা যেতে পারে নিউজিল্যান্ড স্কোয়াডে। এমনকি দলের দুই কোচও পিএসএলে যুক্ত থাকায় বাংলাদেশ সফরে আসবেন না বলে জানা গেছে। অন্যদিকে বাংলাদেশ এই সিরিজে সেরা দলটাই মাঠে নামানোর পরিকল্পনা করছে। কারণ ২০২৭ বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করতে প্রতিটি ম্যাচ ও প্রতিটি রেটিং পয়েন্টই গুরুত্বপূর্ণ বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট।

Admin মার্চ ১৬, ২০২৬ 0
পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের

  পাকিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ১১ রানের জয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ ক্রিকেট দল। দুর্দান্ত ব্যাটিংয়ের পরও শেষ দিকে ক্যালকুলেটিভ ক্রিকেট খেলতে না পারায় তীরে গিয়ে তরী ডুবায় পাকিস্তান। রোববার প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৯০ রান করে বাংলাদেশ। টার্গেট তাড়ায় ২৭৯ রানে অলআউট হয় পাকিস্তান। সিরিজ নির্ধারণী ওয়ানডেতে ৩০০ বলে ২৯১ রানের টার্গেট তাড়ায় ১৭ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় পাকিস্তান। এরপর আব্দুল সামাদ ও গাজী গৌরি চতুর্থ উইকেটে ৬৭ বলে ৫০ রানের জুটি গড়েন।  একটা পর্যায়ে ৩ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ছিল ৬৭ রান। এরপর মাত্র ১৫ রানের ব্যবধানে গাজী গৌরি ও আব্দুল সামাদকে ১৫ রানের ব্যবধানে ফেরান নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান। তখন আবারও চাপে পড়ে যায় পাকিস্তান।  তবে ছয় নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে মিডলঅর্ডার এবং লোয়ারঅর্ডার ব্যাটসম্যানদের নিয়ে অবিশ্বাস্য লড়াই করেন সালমান আলি আগা। ষষ্ঠ উইকেটে এই ম্যাচে অভিষেক হওয়া তরুণ ব্যাটসম্যান সাদ মাকসুদের সাথে ৮২ বলে ৭৯ রানের জুটি গড়েন সালমান। এরপর সপ্তম উইকেটে ফাহিম আশরাফের সঙ্গে ৪৯ বলে গড়েন ৪৮ রানের জুটি। অষ্টম উইকেটে সালমান আলি আগাকে সঙ্গ দেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। এই জুটিতে তারা ৪৯ বলে ৫২ রানের পার্টনারশিপ গড়েন। জয়ের জন্য শেষ ১৫ বলে পাকিস্তানের প্রয়োজন ছিল ৩০ রান। খেলার এমন অবস্থায় তাসকিন আহমেদের বলে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন সালমান আলি। তিনি ৯৮ বলে ৯টি চার আর ৪টি ছক্কায় ১০৬ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছাতে না পারার হতাশা প্রকাশ করে হয়ে মাঠ থেকে সাজঘরে ফেরেন। সালমান আউট হওয়ার পর ১৪ বলে পাকিস্তানের দরকার ছিল ৩০ রান। ইনিংসের ৪৯তম ওভারে দুই ছক্কা হাঁকিয়ে ১৫ রান আদায় করে নেন শাহিন শাহ আফ্রিদি। তবে মোস্তাফিজের করা ওভারের শেষ বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন হারিস রউফ। জয়ের জন্য শেষ ৬ বলে পাকিস্তানের প্রয়োজন ছিল মাত্র ১৪ রান। বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র ১টি উইকেট। রিশাদ হোসেনের করা ওভারের প্রথম বল ডট। দ্বিতীয় বলে ক্যাচ তুলে দেন শাহিন আফ্রিদি। তবে ক্যাচ ফেলে দেন বোলার রিশাদ।  জয়ের জন্য ৪ বলে দরকার ছিল ১৪ রান। তৃতীয় বলে ডাবল রান নেন শাহিন আফ্রিদি। শেষ ৩ বলে প্রয়োজন ছিল ১২ রান। চতুর্থ বল ডট। পঞ্চম ডেলিভারি ওয়াইড। ২ বলে দরকার ছিল ১১ রান। পাকিস্তান শেষ দুই বলে কোনো রান নিতে পারেনি। যে কারণে তীরে গিয়ে তরী ডুবায় পাকিস্তান। পাকিস্তান হেরে যাওয়ায় বিফলে যায় সালমান আলি আগার সেঞ্চুরি। এদিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে স্বাগতিকদের প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে টাইগাররা। বিনা উইকেটে দলীয় একশ রানের ঘরে পৌঁছায় স্বাগতিকরা। দলীয় ১০৫ রানে শাহিন শাহ আফ্রিদির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সাইফ হাসান (৩৬)। তবে উইকেটের আরেক পাশে সাবলীলভাবে ব্যাট চালাতে থাকেন তানজিদ হাসান তামিম। তামিমকে সঙ্গ দিতে থাকা নাজমুল হোসেন শান্ত (২৭) ফেরেন পাকিস্তানি পেসার হারিস রউফের ওভারে। এরপর লিটন দাসকে সঙ্গে নিয়ে এগোতে থাকেন তানজিদ। অবশেষে ৩৩তম ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান তানজিদ তামিম। সেঞ্চুরির জন্য তিনি খরচ করেন ৯৮ বল, ৭টি ছক্কা এবং ৬টি চারের মারে সাজানো ছিল তার এই দারুণ ইনিংস। তবে সেঞ্চুরির পর নিজের ইনিংসটা লম্বা করতে পারেনি এই ওপেনার। ফেরেন ১০৭ বলে ১০৭ রান করেন।  দলীয় ২৬২ রানে ফেরেন লিটন কুমার দাস। তিনি ৫১ বলে এক চার আর এক ছক্কায় ৪১ রান করে আউট হন। তবে পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে যান তাওহীদ হৃদয়। তার ৪৪ বলের ৪৮ রানের ইনিংসের সুবাদে ২৯০ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।  

Admin মার্চ ১৬, ২০২৬ 0
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশির মৃত্যুতে জামায়াতের শোক

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ প্রবাসী বাংলাদেশির মৃত্যুর সংবাদে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১৩ মার্চ) দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এ বিষয়ে এক শোক বিবৃতি প্রদান করেছেন।  প্রদত্ত শোক বিবৃতিতে তিনি বলেন, ‘আজ ১৩ মার্চ (শুক্রবার) ভোরে মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুর সংবাদে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। সাহরি প্রস্তুতের সময় ঘটে যাওয়া এ হৃদয়বিদারক দুর্ঘটনায় তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আরো বলেন, ‘বিদেশের মাটিতে জীবিকার সন্ধানে যাওয়া এই পরিশ্রমী প্রবাসী ভাইদের এভাবে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করা অত্যন্ত বেদনাদায়ক ও মর্মস্পর্শী। তাদের এই মর্মন্তুদ মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের শোকসন্তপ্ত পরিবার-পরিজন এবং আহতদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি প্রকাশ করছি। একই সঙ্গে এই দুর্ঘটনায় গুরুতর আহত জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেনের দ্রুত সুস্থতা কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে তাদের আশু আরোগ্য প্রার্থনা করছি। মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি, দুর্ঘটনার প্রকৃত কারণ দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে। একই সঙ্গে নিহতদের লাশ সরকারি খরচে দ্রুত দেশে এনে তাদের পরিবার-পরিজনের কাছে হস্তান্তরের ব্যবস্থা করার জন্যও অনুরোধ জানাচ্ছি।’

Admin মার্চ ১৩, ২০২৬ 0
ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই: ক্রীড়ামন্ত্রী

ইরানের ক্রীড়া ও যুবমন্ত্রী আহমাদ দোনিয়ামালি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে তাদের দেশের পক্ষে ২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়া সম্ভব নয়। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির কারণে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন শুরু হবে ২০২৬ সালের বিশ্বকাপ। সূচি অনুযায়ী গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচ খেলার কথা ছিল। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামার কথা ছিল তাদের। এরপর ২১ জুন একই ভেন্যুতে বেলজিয়ামের বিপক্ষে এবং ২৬ জুন সিয়াটলে মিশরের মুখোমুখি হওয়ার কথা ছিল ইরানের। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এর জবাবে ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা কয়েকটি দেশের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলেও জানা গেছে। এদিকে এর আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে বলেছেন যে ইরানকে এই গ্রীষ্মের বিশ্বকাপে অংশ নিতে ‘স্বাগত জানানো হবে’। তবে মঙ্গলবার আইআরআইবি স্পোর্টস নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে দোনিয়ামালি বলেন, ‘এই দুর্নীতিগ্রস্ত সরকার আমাদের নেতাকে হত্যা করেছে। এমন পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নেওয়ার মতো উপযুক্ত পরিবেশ কোনোভাবেই নেই।

Admin মার্চ ১৩, ২০২৬ 0
ব্রাজিলে এক ম্যাচে ২৩ লাল কার্ড!

ব্রাজিলের ফুটবল ইতিহাসে বিরল ও অবিশ্বাস্য এক ঘটনার সাক্ষী থাকল ক্যাম্পোনাতো মিনেইরোর ফাইনাল। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ক্রুজেইরো ও অ্যাথলেটিকো মিনেইরোর মধ্যকার ম্যাচের শেষ মুহূর্তে ভয়াবহ হাতাহাতি সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে শেষ পর্যন্ত ২৩ জন খেলোয়াড়কে লাল কার্ড দেখাতে হয়। এর মধ্যে ক্রুজেইরোর ১২ জন এবং অ্যাথলেটিকো মিনেইরোর ১১ জন খেলোয়াড় রয়েছেন। বেলো হরিজন্তে অনুষ্ঠিত ফাইনালে কাইও জর্হের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পায় ক্রুজেইরো। সাবেক ব্রাজিল জাতীয় দলের কোচ তিতের অধীনে দলটি ২০১৯ সালের পর প্রথমবার মিনাস জেরাইস রাজ্যের চ্যাম্পিয়ন হয়। তবে ম্যাচের শেষ মুহূর্তে সংঘটিত সহিংসতা পুরো আনন্দঘন পরিবেশকে ম্লান করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তাকর্মী ও মিলিটারি পুলিশকে মাঠে হস্তক্ষেপ করতে হয়। ঘটনার সূত্রপাত ঘটে যখন অ্যাথলেটিকো মিনেইরোর গোলরক্ষক এভারসন ক্রিস্টিয়ানকে মাটিতে ঠেলে দেন এবং ক্রুজেইরোর এই মিডফিল্ডারের বুকের ওপর হাঁটু রাখেন। লুজ বলের পেছনে দৌড়ানোর সময় এই সংঘর্ষ ঘটে। সঙ্গে সঙ্গে ক্রিস্টিয়ানের সতীর্থরা এভারসনের দিকে ধেয়ে যান এবং ধাক্কাধাক্কি শুরু করেন। একপর্যায়ে তাকে গোলপোস্টের দিকে ঠেলে দেওয়া হয়। এরপর দুই দলের আরো খেলোয়াড় এতে জড়িয়ে পড়েন। নিরাপত্তাকর্মীরা খেলোয়াড়দের আলাদা করার চেষ্টা করলেও পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ম্যাচ চলাকালীন রেফারি মাতেউস ডেলগাদো কান্দানকান কোনো লাল কার্ড দেখাননি। তবে ব্রাজিলীয় সংবাদমাধ্যম গ্লোবোর খবরে বলা হয়েছে, সংঘর্ষের কারণে মাঠে তাৎক্ষণিকভাবে কার্ড দেখানো সম্ভব না হওয়ায় পরে ২৩ জন খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়। ক্রুজেইরোর ১২ জন খেলোয়াড় লাল কার্ড পান, যার মধ্যে গোলদাতা কাইও জর্হেও রয়েছেন। অন্যদিকে অ্যাথলেটিকো মিনেইরোর ১১ জন খেলোয়াড়ের মধ্যে সাবেক অ্যাথলেটিকো মাদ্রিদ ও নটিংহ্যাম ফরেস্টের ডিফেন্ডার রেনান লোদি এবং ব্রাজিলের তারকা ফরওয়ার্ড হাল্কও রয়েছেন। সিনিয়র ফুটবলে এক ম্যাচে সর্বাধিক লাল কার্ড দেখানোর রেকর্ডটি বর্তমানে আর্জেন্টিনার পঞ্চম স্তরের লিগে অ্যাথলেটিকো ক্লেইপোল ও ভিক্টোরিয়ানো অ্যারেনাসের ম্যাচে। চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সেই ম্যাচে সব মিলিয়ে ৩৬ জন খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়েছিল। রেফারি তার প্রতিবেদনে ওই ঘটনাকে ‘হাতাহাতি’ হিসেবে উল্লেখ করেন। ঘটনার প্রত্যক্ষদর্শী ও অ্যাথলেটিকো মিনেইরোর ফরওয়ার্ড হাল্ক বলেন, ‘এটি খুবই দুঃখজনক। আমরা এমন উদাহরণ স্থাপন করতে পারি না, কারণ এর নেতিবাচক প্রভাব পুরো বিশ্বে পড়ে। আমাদের নিজেদের ভাবমূর্তি এবং ক্লাবের মর্যাদা রক্ষা করার দায়িত্ব আছে।’ ক্রুজেইরোর কোচ তিতে বলেন, ‘আমি ক্রুজেইরো সমর্থকদের প্রতি ভালোবাসা ও সম্মান জানাই। আমার সক্ষমতায় হয়তো ঘাটতি থাকতে পারে, কিন্তু সমর্থক ও কাজের প্রতি ভালোবাসা ও সততার কোনো অভাব কখনও ছিল না।’

Admin মার্চ ১০, ২০২৬ 0
ক্রিকেট ধ্বংস করে দিচ্ছে ভারত: শোয়েব আখতার

  টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফাইনালে ভারতের কাছে পাত্তাই পায়নি কিউইরা। তবে ভারতের জয়ে মোটেও খুশি হতে পারেননি পাকিস্তানের সাবেক পেসার। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতা ভারতকে নিয়ে তিনি বলেন, ‘ক্রিকেটকেই ধ্বংস করে দিচ্ছে ভারত। গতকাল রাতে পাকিস্তানের জনপ্রিয় শো ‘গেম অন হ্যায়’-তে আখতার বলেন, ভারতের আধিপত্য যেন পাড়ার ক্রিকেটের ধনী ছেলের মতো। তার ভাষায়, ‘পাড়ায় যদি একজন ধনী ছেলে থাকে, সে গরিব বাচ্চাদের ডেকে বলে, চলো ক্রিকেট খেলি। তারপর সে সবার ওপর আধিপত্য বিস্তার করে। হারিয়ে দেয়। এরপর বলে, দেখ আমিই জিতেছি। ভারত পুরো ক্রিকেটটা এভাবে নষ্ট করে দিয়েছে। টেলিভিশন অনুষ্ঠানে আখতারের এমন মন্তব্য দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও ফাইনালের আগে ভারতকেই এগিয়ে রেখেছিলেন। কিন্তু ক্রিকেটের স্বার্থে চেয়েছিলেন নিউজিল্যান্ড ট্রফি জিতুক। গৌতম গম্ভীরের অধীনে দ্বিতীয় আইসিসি শিরোপা জিতলো ভারত। ভারতের সমালোচনা করলেও তার প্রশংসা ঠিকই করেছে আখতার, ‘কঠিন সময়ে খেলোয়াড়দের পাশে দাঁড়ানো এবং তাঁদের উপর আস্থা রাখা বড় টুর্নামেন্ট জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Admin মার্চ ৯, ২০২৬ 0
টি-টোয়েন্টি বিশ্বকাপ: ফের চ্যাম্পিয়ন ভারত

  ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে আহমেদাবাদের নীল সমুদ্রে অস্ট্রেলিয়ার হলুদ উৎসব দেখতে হয়েছিল রোহিত শর্মা-বিরাট কোহলিদের। সেই রাতে কেঁদেছেন কোটি কোটি ভারতীয়।  সেই আহমেদাবাদে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালটা তাই ভারতের জন্য ছিল শাপমোচনের। সেই কাজ হেসেখেলে, অনায়াসে করে ফেলল সূর্যকুমার যাদবের দল। নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হলো ভারত। বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট ভেন্যু নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ টস হেরে ২৫৫ রানের পর্বত গড়েছিল ভারত। কিউই বোলারদের বেধড়ক পিটিয়েছেন সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিষান, শিবম দুবেরা।  জবাবে যশপ্রীত বুমরার ইয়র্কার ও স্লোয়ারে দিশেহারা হয়ে ১ ওভার বাকি থাকতেই ১৫৯ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। এ জয়ে আরো কিছু অনন্য কীর্তি গড়ল ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে প্রথম দল হিসেবে তিনবার চ্যাম্পিয়ন হলো তারা। প্রথম দল হিসেবে নিজেদের মাটিতে ফাইনাল জিতে শিরোপাও ধরে রাখল।  বিস্তারিত আসছে...

Admin মার্চ ৮, ২০২৬ 0
ভাগ্য পরিবর্তনের জন্য হোটেল পরিবর্তন করলো ভারতীয় দল

কেউ কেউ একে ‘কুসংস্কার’ বলবে, কেউ কেউ বলবে ‘দিব্য চোখে দেখা’ বা ‘ঐশ্বরিক আশীর্বাদ’। যত যাই বলা হোক না কেন, তৃতীয়বার টি-২০ বিশ্বকাপ জয়ের জন্য কোনো ফাঁকই রাখতে চায় না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যে কারণে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগে ভারতীয় দলকে নতুন একটি হোটেলে স্থানান্তর করেছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। এই পদক্ষেপকে তারা ‘ভাগ্য পরিবর্তনের’ একটি চেষ্টা হিসেবেই বিবেচনা করছে। ২০২৩ বিশ্বকাপ ফাইনাল এবং চলতি বিশ্বকাপেই সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে আহমেদবাদাদে একই হোটেলে অবস্থান করেছিলো ভারতীয় ক্রিকেট দল। দুটি ম্যাচেই হেরেছে তারা। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগেও সেই একই হোটেলে এসে উঠেছে ভারতীয় দলের ক্রিকেটাররা। এ বিষয়টিই ভালোভাবে প্রত্যক্ষ করলো ভারতীয় দলের একজন সাপোর্ট স্টাফ। টিম ম্যানেজমেন্টকে সে জানালো যে, এই হোটেলটি ‘দুর্ভাগ্যে’র। এই হোটেলে থাকলে এবারও হয়তো ফাইনালে হারতে হতে পারে সূর্যকুমার যাদবদের। কারণ, এর আগে বড় দুটি ম্যাচের সময় এই হোটেলে থেকে হেরেছিল তাদের দল। এ কথা শুনে ভারতীয় টিম ম্যানেজমেন্ট সঙ্গে সঙ্গে হোটেল পরিবর্তন করে অন্য একটি হোটেলে স্থানান্তর করে নিয়েছে। বিশ্বকাপ খেলতে এসে এ ধরনের কুসংস্কারে ভালোই ডুবেছে ভারতীয় দল। এর আগেও (সেমিফাইনালের আগে) ভারতীয় দল চন্দ্রগ্রহণের ‘অশুভ প্রভাব’ এড়াতে মুম্বাইতে তাদের প্রশিক্ষণ সেশন ৪৫ মিনিট বিলম্বিত করেছিল। এবার আহমেদাবাদে, বিসিসিআই ফাইনালের আগে ভারতের টিম হোটেল পরিবর্তন করেছে। দল সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কালো মাটির পিচে হেরেছে, তাই ফাইনালে লাল মাটির পিচে খেলার সম্ভাবনা রয়েছে। মোতেরা স্টেডিয়ামে তিন ধরনের পিচ আছে- লাল, কালো এবং মিশ্র। স্ট্যাম্প ক্যামেরা এখনও ফিক্স করা হয়নি, যা দেখাচ্ছে পিচ চূড়ান্ত হয়নি। স্থানীয় কিউরেটর এবং বিসিসিআই সিইও হেমাং আমিন নিজে পিচ তৈরি করেছেন। ফাইনালের জন্য একমাত্র নির্দিষ্ট পিচকে ঢেকে রাখা হয়েছে এবং চারটি পাশের পিচ বন্ধ রাখা হয়েছে। যে কারণে পিচটা কেমন, তা দেখা যায়নি।

Admin মার্চ ৭, ২০২৬ 0
খেলোয়াড়দের জরিমানা: পিসিবির তীব্র সমালোচনা মোহাম্মদ আমিরের

পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের পর খেলোয়াড়দের ওপর বড় অঙ্কের জরিমানা আরোপের পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন সাবেক পেসার মোহাম্মদ আমির। তিনি বলেছেন, শুধু খেলোয়াড়দের দায়ী করে শাস্তি দেওয়া সমস্যার সমাধান নয়; নির্বাচক ও বোর্ড কর্মকর্তাদেরও জবাবদিহির আওতায় আনতে হবে। পাকিস্তানের গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির উদ্যোগে টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের জন্য দলে থাকা প্রতিটি খেলোয়াড়ের ওপর প্রায় ৫০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হতে পারে। এই সিদ্ধান্তের সমালোচনা করে একটি টকশোতে আমির বলেন, ‘যদি জরিমানাই সমাধান হয়, তাহলে তা সবার ওপরই প্রয়োগ করা উচিত, নির্বাচক থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত। খেলোয়াড়রা তো বন্দুকের মুখে দল গঠন করেনি। ভুল কম্বিনেশন নির্বাচনের দায় নির্বাচকদেরও নিতে হবে। তিনি আরো বলেন, ‘যারা দল নির্বাচন করেছে এবং পরিকল্পনা করেছে, তাদেরও জবাব দিতে হবে। মাত্র দুটি ম্যাচ খেলা ফখর জামানকেও কি জরিমানা করা হবে? আর সাহিবজাদা ফারহানের কী হবে?’ আমিরের মতে, খেলোয়াড়দের জরিমানা করাই সমস্যার সমাধান নয়। বরং পাকিস্তান ক্রিকেটের উন্নতির জন্য ঘরোয়া ক্রিকেটে বেশি বিনিয়োগ করা প্রয়োজন। তার ভাষায়, ‘আমি শুরু থেকেই বলছি, ঘরোয়া ক্রিকেটে বিনিয়োগ করুন। সেখান থেকেই মানসম্পন্ন খেলোয়াড় উঠে আসবে। যদি কারো পারফরম্যান্সে অসন্তুষ্ট হন, তাকে জরিমানা না করে দল থেকে বাদ দিন এবং বলুন ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো পারফরম্যান্স করে আবার দলে ফিরতে। একজন খেলোয়াড়ের জন্য সবচেয়ে বড় শাস্তি হলো দল থেকে বাদ পড়া।

Admin মার্চ ৪, ২০২৬ 0
সম্মান ফেরত না পেলে আর ক্রিকেট খেলব না: এনামুল হক বিজয়

  ২০২৫ বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ে সন্দেহের তালিকায় নাম উঠেছিল এনামুল হক বিজয়ের। এ কারণে ২০২৬ বিপিএলে আরো কয়েকজন ক্রিকেটারের পাশাপাশি তাকেও খেলতে দেওয়া হয়নি।  তবে বিপিএল খেলতে না পারলেও অন্য ঘরোয়া টুর্নামেন্টগুলোতে বিজয় খেলতে পারবেন—এমনটাই জানা গিয়েছিল। কিন্তু সম্প্রতি হয়ে যাওয়া অদম্য বাংলাদেশ টি২০ কাপের পর চলমান বিসিএল ওয়ানডেতেও বিজয়কে খেলার অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন খোদ বিজয়। আজ মঙ্গলবার (৩ মার্চ) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিএল ফাইনাল চলাকালীনই ৩৩ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটার সাংবাদিকদের ডেকে নিয়ে জানালেন, বিসিবি তার সম্মান ফিরিয়ে না দিলে আর খেলবেন না। বিজয় বলেছেন, ‘সম্মানের জন্য ক্রিকেট খেলে এসেছি, টাকার জন্য না। আমি আমার সম্মান ফেরত পেতে চাই। সম্মান ফেরত না দিলে আর ক্রিকেট খেলব না। তিনি আরো বলেন, ‘বিজয়ের সঙ্গে পুরোপুরি ভুল হয়েছে, সন্দেহের তালিকায় ছিল। এই জিনিসটা ঠিক হয়ে গেছে। এখন সব ধরনের খেলা সে খেলতে পারবে। বিসিবি যখন সুন্দর করে এই কথা বলবে, তখন আমি আবার খেলব।’

Admin মার্চ ৩, ২০২৬ 0
গুরুতর চোটে বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ রদ্রিগোর

বাজে সময় পার করতে থাকা রিয়াল মাদ্রিদের জন্য এটি আরেকটি দুঃসংবাদ। আর ব্রাজিল জাতীয় দলের জন্য বিশাল ধাক্কা।  ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে রদ্রিগোর। চোট থেকে পুরোপুরি সেরে উঠে মাঠে ফিরতে কমপক্ষে ৬ থেকে ৭ মাস সময় লাগবে ২৫ বছর বয়সী এই উইঙ্গারের। ফলে এই মৌসুমে রিয়াল মাদ্রিদ রদ্রিগোকে আর পাবে না। এমনকি আগামী জুন-জুলাইয়ে ব্রাজিলের হয়ে বিশ্বকাপেও খেলতে পারবেন না।  আজ (৩ মার্চ) এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, ‘আমাদের চিকিৎসক দল আজ আমাদের খেলোয়াড় রদ্রিগোর ডান পা পরীক্ষার পর বুঝতে পেরেছে, তার ক্রুসিয়েট লিগামেন্ট ফেটে গেছে এবং পার্শ্বীয় মেনিসকাস ছিঁড়ে গেছে।’ শিগগিরই রদ্রিগোর হাঁটুতে অস্ত্রোপচার করা হবে বলেও নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। মাসখানেক ধরে চোটের সঙ্গে করছিলেন রদ্রিগো। গত ১ ফেব্রুয়ারির গতকাল রাতে হেতাফের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথমবারের মতো মাঠে নেমেছিলেন। বদলি হিসেবে খেলেছেন ৩৫ মিনিট। এতে আবার নতুন করে অস্বস্তিতে পড়েছেন। বিশ্বকাপে ‘সি’ গ্রুপে পড়েছে ব্রাজিল। গ্রুপ পর্বে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। 

Admin মার্চ ৩, ২০২৬ 0
২৫০ মিলিয়নেও লামিন ইয়ামালকে ছাড়েনি বার্সেলোনা

  বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন বর্তমান সভাপতি হুয়ান লাপোর্তা। তিনি জানিয়েছেন, দুই বছর আগে পিএসজি তরুণ তারকা লামিনে ইয়ামালের জন্য ২৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল। এক সাক্ষাৎকারে লাপোর্তা বলেন, ‘পিএসজি আমাদের কাছে লামিনে ইয়ামালের জন্য ২৫০ মিলিয়ন ইউরোর অফার করেছিল। কিন্তু আমরা তা প্রত্যাখ্যান করি। তখন ইয়ামালের বয়স ছিল মাত্র ১৭ বছর। লাপোর্তার ভাষায়, ‘অনেকে আমাদের সিদ্ধান্তকে পাগলামি বলেছিল, কিন্তু আমরা ক্লাবের ভবিষ্যৎ ভেবে সিদ্ধান্ত নিয়েছি।’ যদি বার্সেলোনা সেই প্রস্তাব গ্রহণ করত, তাহলে ইয়ামাল ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে যেতেন। বর্তমানে রেকর্ডটি রয়েছে নেইমারের দখলে, যিনি ২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোতে বার্সা থেকে পিএসজিতে যোগ দেন। এদিকে ক্লাবে থেকে ইয়ামাল নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে যাচ্ছেন। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ ম্যাচে তিনি ১৫টি গোল ও ১৪টি অ্যাসিস্ট করেছেন। মাঠে তার পারফরম্যান্সই প্রমাণ করছে, বার্সার সিদ্ধান্ত ভুল ছিল না বলেই মনে করছেন অনেক সমর্থক।

Admin ফেব্রুয়ারি ২৬, ২০২৬ 0
আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুখ থুবড়ে পড়ল ভারত

  টানা ১২ ম্যাচ জয়ের দারুণ রেকর্ড নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলতে নেমেছিল স্বাগতিক ভারত। কিন্তু আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুখ থুবড়ে পড়ল সূর্যকুমার যাদবের দল।  প্রোটিয়া বোলারদের তোপে ১৮৮ রান তাড়া করতে নেমে মাত্র ১১১ রানেই গুটিয়ে গেছে স্বাগতিকরা। ৭৬ রানের এই বিশাল পরাজয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে রানের ব্যবধানে ভারতের সবচেয়ে বড় হার। এর আগে ২০১০ বিশ্বকাপে ব্রিজটাউনে অস্ট্রেলিয়ার কাছে ৪৯ রানে হারটি ছিল ভারতের সবচেয়ে বড় পরাজয়। শুধু তাই নয়, ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হারের পর এই প্রথম কোনো বহুজাতিক টুর্নামেন্টে হারের স্বাদ পেল ভারত। এর মাঝে খেলা ২২টি ম্যাচের মধ্যে ২১টিতেই জিতেছিল তারা, আর একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। আহমেদাবাদে সুপার এইটের লড়াইয়ে রান তাড়া করতে নেমে শুরুতেই খেই হারায় ভারত। প্রথম ওভারে ঈশান কিষান এবং দ্বিতীয় ওভারে তিলক ভার্মাকে হারিয়ে ৫ রানেই ২ উইকেট হারায় তারা।  শুরুর এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি দলটি। অভিষেক শর্মা, ওয়াশিংটন সুন্দর এবং অধিনায়ক সূর্যকুমার যাদবও দ্রুত সাজঘরে ফেরেন। মাত্র ৫১ রানে ৫ উইকেট হারিয়ে খাদের কিনারে চলে যায় স্বাগতিকরা। ষষ্ঠ উইকেটে শিভম দুবে ও হার্দিক পান্ডিয়া মিলে ৩৫ রানের একটি জুটি গড়ে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেছিলেন। তবে বাড়তে থাকা রান রেটের চাপে সেটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি।  ইনিংসের ১৫তম ওভারে বোলিংয়ে এসে ম্যাচের দৃশ্যপট পুরোপুরি বদলে দেন প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ। ওই এক ওভারেই পান্ডিয়া, রিংকু সিং ও আর্শদীপ সিংকে সাজঘরে ফিরিয়ে ভারতের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন তিনি। ৮৮ রানে ৮ উইকেট পড়ে যাওয়ার পর মূলত হারের ব্যবধান কমাতেই ব্যাট চালিয়েছিলেন শিভম দুবে। ৩টি ছক্কা ও ১টি চারে ৩৭ বলে ৪২ রানের লড়াকু এক ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটার। ভারতের ইনিংসে এটিই ছিল ব্যক্তিগত সর্বোচ্চ রান। তবে ১৯তম ওভারে বোলিংয়ে এসে ভারতের ইনিংসের আনুষ্ঠানিক সমাপ্তি টানেন পেসার মার্কো ইয়ানসেন। ওভারের চতুর্থ বলে দুবেকে আউট করার পর পঞ্চম বলে বুমরাহকেও ফিরিয়ে টানা দুই বলে দুই উইকেট তুলে নেন তিনি। এতে ১১১ রানেই শেষ হয় ভারতের ইনিংস। আর ৭৬ রানের দাপুটে জয়ে সুপার এইট মিশন শুরু করে দক্ষিণ আফ্রিকা।

Admin ফেব্রুয়ারি ২৩, ২০২৬ 0
দ্য হান্ড্রেড নিলামে ২৩ বাংলাদেশি ক্রিকেটার, সর্বোচ্চ ক্যাটাগতিতে মোস্তাফিজ

  ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেড–এর ২০২৬ আসরের নিলামে নাম লিখিয়েছেন ২৩ জন বাংলাদেশি ক্রিকেটার। আগামী ১১ ও ১২ মার্চ লন্ডনের ঐতিহাসিক পিকাডিলি লাইটস–এ অনুষ্ঠিত হবে এই নিলাম। বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য রাখা হয়েছে পেসার মুস্তাফিজুর রহমানের, ১ লাখ পাউন্ড। দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্য ৭৫ হাজার পাউন্ড লেগস্পিনার রিশাদ হোসেনের। বাকি ২১ ক্রিকেটারের ভিত্তিমূল্য ৩১ হাজার পাউন্ড করে। টুর্নামেন্টটির আয়োজক ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) শুক্রবার আনুষ্ঠানিকভাবে নিলামের তালিকা প্রকাশ করেছে। এবারের আসরে ১৮টি দেশ থেকে প্রায় এক হাজার ক্রিকেটার নিবন্ধন করেছেন। নিলামের আগে অংশগ্রহণকারী আটটি দল নিজেদের আগ্রহের ভিত্তিতে ৭৫ থেকে ১০০ জন ক্রিকেটারের তালিকা জমা দেবে। সেই তালিকা থেকে প্রায় ২০০ জনের একটি চূড়ান্ত লংলিস্ট তৈরি করা হবে, যারা নিলামে উঠবেন। উল্লেখ্য, ২০২১ সালে লিগ শুরুর পর এখনো পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটার দ্য হান্ড্রেডে খেলেননি। তাই এবারের নিলাম বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য বাড়তি আগ্রহ তৈরি করেছে। বিশেষ করে মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের মতো বোলারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিলামে থাকা বাংলাদেশি ক্রিকেটাররা: মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলী, লিটন দাস, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, হাসান মাহমুদ, রিপন মন্ডল, মোহাম্মদ নাঈম, নাহিদ রানা, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাব্বির রহমান ও সৌম্য সরকার।

Admin ফেব্রুয়ারি ২১, ২০২৬ 0
রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর

  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবল তারকা মেসুত ওজিলের গাড়িবহরের একটি গাড়ির সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে এবং এর চালক আহত হয়েছেন। আজ সন্ধ্যা পৌনে ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া কুতুপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত চালকের নাম-পরিচয় পাওয়া যায়নি। উখিয়া শাহপরী দ্বীপ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে ফুটবলার মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টের ছেলে বিলাল এরদোয়ানের গাড়িবহরে ভিআইপি প্রোটোকল ভেঙে হঠাৎ একটি অটোরিকশা ঢুকে পড়ে। এ সময় বহরের একটি গাড়ির সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। অটোরিকশাটি জব্দ করা হয়েছে।’ ওসি সাইফুল ইসলাম আরো জানান, আহত অটোরিকশার চালককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

Admin ফেব্রুয়ারি ১৯, ২০২৬ 0
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্বকাপজয়ী তারকা মেসুত ওজিল

জার্মানির বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার মেসুত ওজিল আকস্মিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সফর করেছেন। মঙ্গলবার বিকেলে অত্যন্ত নিভৃতে তিনি ক্যাম্পাসে আসেন। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের আধুনিকায়ন কাজের উদ্বোধন উপলক্ষেই তার এই আগমন। তুরস্কের দাতব্য সংস্থা ‘টিকা’র (TIKA) অর্থায়নে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে এই সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে ওজিলের সঙ্গে উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান। কোনো প্রকার পূর্বঘোষণা ছাড়াই ওজিলের আগমনের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দেয়, যদিও নিরাপত্তার কারণে সাধারণ শিক্ষার্থীরা তার খুব কাছাকাছি যাওয়ার সুযোগ পাননি। ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন ও ভিপি সাদিক কায়েম অতিথিদের স্বাগত জানান এবং তাদের সঙ্গে কথা বলার সুযোগ পান। সাদিক কায়েম জানান, মেসুত ওজিল এবং বিলাল এরদোয়ান বাংলাদেশ সম্পর্কে যথেষ্ট পড়াশোনা করেই এসেছেন। বিশেষ করে গত জুলাইয়ে সংঘটিত বিপ্লব এবং রংপুরের শহীদ আবু সাঈদের ব্যাপারে ওজিল স্বপ্রণোদিত হয়ে খোঁজখবর নিয়েছেন, যা উপস্থিত ছাত্রনেতাদের বিস্মিত করেছে। বাংলাদেশের ফুটবলের প্রতিও ওজিল ইতিবাচক আগ্রহ প্রকাশ করেছেন। ডাকসু নেতাদের সঙ্গে আলাপকালে তিনি বাংলাদেশের বিপুল ফুটবল সমর্থক গোষ্ঠীর কথা জানেন এবং এ দেশের ফুটবলের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। বাফুফের সঙ্গে ভবিষ্যতে যোগাযোগের মাধ্যমে যৌথভাবে কাজ করার আশাবাদও ব্যক্ত করা হয়।

Admin ফেব্রুয়ারি ১৮, ২০২৬ 0
আমরা চাই সাকিব-মাশরাফি ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আজ থেকে শুরু হচ্ছে নতুন সরকারের যাত্রা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাঁর শপথের পর প্রথমে নতুন সরকারের মন্ত্রী এবং পরে প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। মন্ত্রীসভায় বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়ে জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক আজ কথা বলেছেন সাকিব আল হাসান ও মাশরাফি বিন মোর্তাজার বিরুদ্ধে হওয়া মামলা নিয়ে। ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন, সাকিব-মাশরাফির বিষয়ে নমনীয় অবস্থান নিবে বিএনপি সরকার। এক্ষেত্রে রাজনৈতিক অবস্থানের বিবেচনা করবে না সরকার।  আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য থাকায় দুই ক্রিকেটার সাকিব ও মাশরাফি বিরুদ্ধে অন্তর্বতী সরকারের আমলে হয় একাধিক মামলা। দেশে ফিরতেও বাধা দেওয়া হয় সাকিবকে। তিনি এখনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি। দেশে ফিরে অবসরের ইচ্ছা জানিয়েছেন একাধিকবার। মাশরাফি-সাকিবের বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল আজ বলেন, ‘সাকিব-মাশরাফির বিষয়টি রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। আমরা এই ব্যাপারে নমনীয় থাকব। তাদের যে মামলা আছে, সেসব নিয়ে রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। আমরা চাই সাকিব-মাশরাফি ফিরে আসুক।’ সাকিব-মাশরাফির ক্রিকেটে ফিরে আসার কথা জানিয়ে তিনি বলেন, ‘যেহেতু তাদের  বিরুদ্ধে মামলা রয়েছে, রাষ্ট্রীয়ভাবে সেটা দ্রুত সমাধানের মাধ্যমে যাতে তারা ফিরে আসে, সেই চেষ্টা করা হবে। আমরাও চাই, বাংলাদেশের ক্রিকেটে সাকিব-মাশরাফি ফিরে আসুক।’

Admin ফেব্রুয়ারি ১৭, ২০২৬ 0
ভারতের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলবে পাকিস্তান: ফারহান

  ১৫ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মহারণের আগে আত্মবিশ্বাসে টগবগ করছে পাকিস্তান শিবির। বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহারের পরই দলটি জানিয়ে দিয়েছে, ভারতের বিপক্ষে তারা মাঠে নামবে ইতিবাচক ও আক্রমণাত্মক মানসিকতা নিয়ে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩২ রানের জয়ের পর ম্যাচসেরা হওয়া ওপেনার সাহিবজাদা ফারহান বলেছেন, ভারতের বিপক্ষে আগের ম্যাচগুলোর মতোই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চায় পাকিস্তান। ম্যাচ শেষে ফারহান বলেন, ‘আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে খেলব। এশিয়া কাপে ভারতের বিপক্ষে যেমন খেলেছি, এবারও একইভাবে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাই।’ যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৭৩ রানের ঝোড়ো ইনিংস খেলে দলের জয়ের ভিত গড়ে দেন তিনি। ফারহান জানান, অনুশীলন থেকেই নিজের ছন্দ নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন। এমনকি ম্যাচসেরা হওয়ার লক্ষ্যও আগে থেকেই ঠিক করে রেখেছিলেন। বিশ্বকাপে অন্তত দুই থেকে তিনটি ম্যাচসেরা হওয়ার ব্যক্তিগত লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি। পাকিস্তান অধিনায়ক সালমান আগা বলেন, দল রান তাড়া করা এবং আগে ব্যাট করা—দুই পরিস্থিতিতেই প্রস্তুত। ‘আমরা চেষ্টা করি আগে ব্যাট করে গড়ের চেয়ে বেশি রান তুলতে এবং তা রক্ষা করতে। আমাদের ব্যাটিং অর্ডার নমনীয়। পরিস্থিতি অনুযায়ী যে কেউ উপরে বা নিচে খেলতে পারে,’ বলেন তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর যুক্তরাষ্ট্রের বিপক্ষে অনেক বেশি গুছানো পারফরম্যান্স দেখিয়েছে পাকিস্তান। ১৯০ রানের সংগ্রহ দাঁড় করিয়ে সেটি সফলভাবে রক্ষা করে দলটি। তবে অধিনায়ক স্বীকার করেছেন, পাওয়ারপ্লে বোলিংয়ে আরো উন্নতির সুযোগ আছে। ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে এখন সমর্থকদের উন্মাদনা তুঙ্গে।

Admin ফেব্রুয়ারি ১১, ২০২৬ 0
মত বদলে ভারতের সঙ্গে খেলতে রাজি পাকিস্তান

অবশেষে পাকিস্তানের মত বদল। আগামী ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামতে রাজি হয়েছে পাকিস্তান।  ভূ-রাজনৈতিক উত্তেজনা আর নানা টানাপোড়েনের জেরে শুরুতে ম্যাচটি বয়কটের ঘোষণা দিলেও শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরে এসেছে পাকিস্তান সরকার। মূলত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। সোমবার রাতে পাকিস্তান সরকারের আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, খেলাধুলার চেতনা সমুন্নত রাখতে এবং বিশ্ব ক্রিকেটের ধারাবাহিকতা বজায় রাখতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এই সংকট নিরসনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কাও সক্রিয় ভূমিকা পালন করেছে। বিশেষ করে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিশানায়েকে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যকার আলোচনার পর জট খুলতে শুরু করে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, পাকিস্তান বর্তমানে বাংলাদেশের পাশে রয়েছে এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলামের পক্ষ থেকে জানানো কৃতজ্ঞতাকেও তারা ইতিবাচকভাবে দেখছে। পাকিস্তান সরকার আশা প্রকাশ করেছে, তাদের ক্রিকেটাররা জাতীয় গৌরব আর খেলোয়াড়সুলভ মানসিকতা নিয়েই মাঠে নামবে।

Admin ফেব্রুয়ারি ১০, ২০২৬ 0
বাংলাদেশের এশিয়ান কাপ দলে সুইডেনপ্রবাসী আনিকা

  নারী এশিয়ান কাপের চূড়ান্ত দলে জায়গা করে নিয়েছেন সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকী। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সূত্রে জানা গেছে, ২০ বছর বয়সী এই ফুটবলারকে নিয়েই অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ দল।  জানা গেছে, ইতোমধ্যে ২৬ সদস্যের চূড়ান্ত দল বাফুফেতে জমা দিয়েছেন কোচ পিটার বাটলার। সেই দলেই আছেন আনিকা। গত ২৮ জানুয়ারি থেকে ফিটনেস ট্রেনার ক্যামেরুন লর্ডের অধীনে জাতীয় দলের সঙ্গে কয়েক দিন অনুশীলন করে আবার সুইডেন ফিরে গেছেন তিনি। কয়েকদিনের মধ্যে আবার ঢাকায় ফেরার কথা তার। মধ্যমাঠের পাশাপাশি দুই উইংয়েও খেলতে পারেন আনিকা। সুইডেনের ক্লাব ব্রোমপোজকর্নের অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন তিনি। গত মাসে সুইডিশ কাপে ক্লাবটির সিনিয়র দলেও অভিষেক হয়েছে তাঁর। এশিয়ান কাপের মূল দলে তার অন্তর্ভুক্তি নিশ্চিতভাবেই শক্তি বাড়াচ্ছে বাংলাদেশের। আনিকার সঙ্গে চূড়ান্ত দলে জায়গা করে নিয়েছেন সদ্য অনূর্ধ্ব-১৯ সাফ মাতিয়ে আসা ফরোয়ার্ড আলপি আক্তার। সাফে চার ম্যাচে ৭ গোল করে সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তিনি। সুবাদে জায়গা হয়েছে এশিয়ান।কাপের দলে। অস্ট্রেলিয়ার তিন শহরে আগামী ১ মার্চ থেকে শুরু হবে এশিয়ান কাপ। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া এবং উজবেকিস্তান।

Admin ফেব্রুয়ারি ৯, ২০২৬ 0
ইংল্যান্ডের বুকে কাঁপন ধরিয়ে তীরে এসে তরি ডুবল নেপালের

  হতাশায় ক্রিজে বসে পড়লেন লোকেশ বম। গ্যালারিতে থাকা নেপালি সমর্থকদের মাথায় হাত। তাদের কয়েকজনকে কাঁদতেও দেখা গেল। তখন সবাই হয়তো একটি বিষয়ই ভাবছিলেন—এমন সুযোগ কি নিকট ভবিষ্যতে আর আসবে?   ৮ উইকেট হাতে নিয়ে শেষ ৬ ওভারে ৬২ রান দরকার ছিল নেপালের। ৪ উইকেট নিয়ে শেষ ওভারে প্রয়োজন ছিল ১০। কিন্তু স্যাম কারেন স্নায়ুচাপ ধরে রেখে যেভাবে বোলিং করলেন, তাতে তীরে এসে তরি ডুবল নেপালের। ‘পুঁচকে’ দলটির বিপক্ষে ৪ রানের জয়ে কোনো রকমে হাঁপ ছেড়ে বাঁচল ক্রিকেটের জনক ইংল্যান্ড। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সি’ গ্রুপের ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৮৪ রান করেছিল ইংল্যান্ড। ফিফটি করেন ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক ও তিনে নামা জ্যাকব বেথেল। জবাবে শেষ ওভারের রোমাঞ্চের পর ৬ উইকেটে ১৮০ রানে থামে নেপাল। লোকেশ বমের ২০ বলের ৩৯ রানের ইনিংসটি তাই বৃথা যায়।  অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হয়েছেন উইল জ্যাকস। ৪ ছক্কা ও ১ চারে জ্যাকসের ১৮ বলে অপরাজিত ৩৯ রানের সুবাদেই ইংল্যান্ডের সংগ্রহ ১৮০ পেরিয়েছিল। পরে ২ ওভার বল করে ১৭ রান দিয়ে ফেরান নেপালি ওপেনার কুশল ভুর্তেলকে। ইংল্যান্ডের পরের ম্যাচ আগামী বুধবার (১১ ফেব্রুয়ারি) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। 

Admin ফেব্রুয়ারি ৮, ২০২৬ 0
Popular post
বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাশোসিয়েশনের উদ্যোগে কোচেস ট্রেনিং ও সেমিনার অনুষ্ঠিত

আব্দুল হক :- বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাশোসিয়েশনের উদ্যোগে কোচেস ট্রেনিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার ( ২ জানুয়ারী)  সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ঢাকা জেলার মুগদা টিটিপাড়া এলাকার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামের উত্তর গ্যালারী, ৩য় তলায় ট্রেনিং ও সেমিনারটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কারাতে ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক কবির আকবর চৌধুরী তাজ এর সভাপতিত্বে ও জে কে এফ ৮ম ড্যান,  ভাইস প্রেসিডেন্ট সাউথ এশিয়ান ওয়াদোকাই কারাতে  ও  বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাসোশিয়েশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি হানসি নাজনুল মোর্শেদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বাংলাদেশ জুডো কারাতে ফেডারেশনের প্রবর্তক এবং সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ মার্শাল আর্ট কন ফেডারেশনের প্রাক্তন সাধারণ সম্পাদক হাসান উজ জামান মণি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ উশু ফেডারেশনের গ্রান্ড মাষ্টার, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আলমগীর শাহ ভূইয়া, বি কে এফ রেফারি কমিশনের যুগ্ম সম্পাদক নূর মোহাম্মদ রকি, অভিনেতা ও সাবেক ন্যাশনাল প্লেয়ার, সেলফ কনফিডেন্স কারাতে একাডেমীর প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক,  বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাসেসিয়েশন সহ-সভাপতি এন এস তনু (তনু পান্ডে), বি কে এফ এর কোচ এন্ড রেফারী মোঃ উজ্জল মিয়া, বি কে এফ এর কোচ এন্ড রেফারী মোঃ আব্দুল হক, বি এস কে ইউ এর প্রতিষ্ঠাতা সদস্য ইউ মুকবুল হোসেন মুকুল,  বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মোঃ ইউনুস গাজীসহ ছাত্র -ছাত্রী  ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইউনুছ খাঁন। প্রশিক্ষণ শেষে বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও পুরষ্কার বিতরণ করা হয়।

সিঙ্গাপুর নেওয়া হচ্ছে ওসমান হাদিকে

উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। ইতোমধ্যেই তাকে নিয়ে যেতে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসেছে। অ্যাম্বুলেন্সটি বেলা ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। দুপুর দেড়টায় তাকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে। এরইমধ্যে হাদিকে আনতে বিমানবন্দর থেকে রওনা দিয়েছে ২ সদস্যের মেডিকেল প্রতিনিধি দল। তাদের মধ্যে একজন চিকিৎসক ও একজন নার্স রয়েছেন। শরিফ ওসমান হাদি জুলাই আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তিনি ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী। গত শুক্রবার দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় আয়োজিত একটি জরুরি টেলিকনফারেন্সে হাদিকে বিদেশে পাঠিয়ে বিশেষায়িত চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেস উইং জানায়, গত দুদিনে সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসা সুবিধা যাচাই করেছে। হাদির সঙ্গে সিঙ্গাপুরে যাবেন তার ভাই ওমর হাদি। সঙ্গে আরও একজনও যাবেন। ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

বিপদে শুধু আমার দরজাই সবার জন্য খোলা থাকে: পরীমনি

অভিনয় ও ব্যক্তিগত ব্যস্ততার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। নিয়মিতই নানা মুহূর্তের ছবি ও ভাবনার কথা শেয়ার করেন তিনি। এবার সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টে ‘কৃতঘ্ন’ মানুষদের নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরলেন এই অভিনেত্রী।   পরীমনি জানান, বিপদে যাদের পাশে দাঁড়ান, তারাই অনেক সময় তাকে বিপদে ফেলে দূরে সরে যান।   যদিও পোস্টে তিনি নির্দিষ্ট করে কারো নাম উল্লেখ করেননি। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘মানুষের সমস্ত বিপদে শুধু আমার দরজাই সবার জন্য খোলা থাকে। ঠিক তারাই আমাকে বিপদে ফেলে দিয়ে ভেগে যায়।’   তবে এসব ঘটনায় হতাশ নন বলেই জানান অভিনেত্রী।   বরং নিজের মনুষ্যত্ব ও বিবেক নিয়ে গর্ব প্রকাশ করেছেন তিনি।  পরীমনির ভাষায়, ‘আমি আর বদলাতে পারি নাই। না আমার মনুষ্যত্ব আর না আমার বিবেক। তার জন্যই আল্লাহ আমাকে তোমাদের মতো মানুষকে সাহায্য করার মতো সমর্থ দিয়েছেন। আলহামদুলিল্লাহ।’   সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি অকপটে প্রকাশ করার মধ্য দিয়েই আবারও আলোচনায় এই ঢালিউড তারকা।   এদিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন পরীমনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত সিনেমা ‘ডোডোর গল্প’। পাশাপাশি ‘গোলাপ’ নামের আরো একটি সিনেমা শুটিং ফ্লোরে গড়ানোর অপেক্ষায় আছে।

নির্বাচনে প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি

রাজনৈতিকভাবে ‘গুরুত্বপূর্ণ’ ব্যক্তি এবং নির্বাচনের প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়ার এবং রিটেইনার (গানম্যান) নিয়োগের সুযোগ দিতে নীতিমালা জারি করেছে সরকার। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনার পর স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের বিশেষ নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।  তারই ধারাবাহিকতায় সোমবার ওই নীতিমালার প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই বিশেষ নীতিমালার আওতায় দুই ধরনের ব্যক্তি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স এবং গানম্যান নিয়োগের আবেদন করতে পারবেন। ১. সরকার স্বীকৃত বা অনুমোদিত ‘রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ২. সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল এবং গৃহীত হয়ে থাকলে। নীতিমালার শর্তে বলা হয়েছে, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে হলে ‘উপযুক্ত কর্তৃপক্ষ (প্রযোজ্য ক্ষেত্রে গোয়েন্দা সংস্থা) কর্তৃক যাচাইকৃত নিরাপত্তা ঝুঁকি’ থাকতে হবে। শারীরিক ও মানসিক সক্ষমতা এবং অস্ত্র সংরক্ষণের নিরাপদ ব্যবস্থা থাকতে হবে। সাধারণ সময়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়ার যে নীতিমালা আছে, তার শর্তগুলো এই বিশেষ ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে সাধারণ নীতিমালায় পিস্তল, রিভলবার, রাইফেলের লাইসেন্স পেতে কমপক্ষে ৫ লাখ টাকার আয়কর দেওয়ার যে বাধ্যবাধকতার রয়েছে, এই বিশেষ ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। এই লাইসেন্সের আওতায় কেবল আত্মরক্ষার উদ্দেশ্যে সীমিত ক্যালিবারের অস্ত্র রাখা যাবে। একাধিক অস্ত্রের লাইসেন্স অনুমোদিত হবে না। স্বয়ংক্রিয় বা সামরিক অস্ত্রের লাইসেন্স দেওয়া যাবে না। এই নীতিমালার আওতায় অনুমোদিত লাইসেন্সের মেয়াদ থাকবে নির্বাচনের ফল ঘোষণার পর ১৫ দিন। এরপর এ ধরনের লাইসেন্স স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। তবে নীতিমালার অন্যান্য শর্ত পূরণ হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সাময়িক লাইসেন্সকে সাধারণ লাইসেন্সে রূপান্তর করতে পারবে। লাইসেন্সের মেয়াদ পেরিয়ে গেলে বা লাইসেন্স বাতিল হওয়ার পরও কোনো লাইসেন্সধারী এর বিপরীতে কোনো আগ্নেয়াস্ত্র রাখলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। রিটেইনার বা গানম্যান রাখার অনুমতি পেতে হলেও কিছু শর্ত মানতে হবে। কোনো রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা নির্বাচনের কোনো প্রার্থী লাইসেন্স পাওয়ার যোগ্য হলে এবং তিনি আগ্নেয়াস্ত্র কিনতে অসমর্থ হলে বা অনিচ্ছুক হলে বৈধ লাইসেন্সসহ আগ্নেয়াস্ত্র আছে, তা পরিচালনায় সক্ষম এবং কোনো রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা পদপ্রার্থীর রিটেইনার হতে ইচ্ছুক এমন কোনো ব্যক্তিকে আগ্নেয়াস্ত্রসহ রিটেইনার নিয়োগ করতে পারবেন। সেজন্য লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। রিটেইনার বা গানম্যানকে অন্যূন ২৫ বছর বয়সী বাংলাদেশি নাগরিক হতে হবে। অপরাধমুক্ত থাকার রেকর্ড ও পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে। সরকারি হাসপাতাল থেকে পাওয়া ফিটনেস সনদ থাকতে হবে। তার আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ থাকতে হবে। এক্ষেত্রে সশস্ত্রবাহিনী বা বাংলাদেশ পুলিশের সদস্যরা অগ্রাধিকার পাবেন। একজন রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা নির্বাচনের প্রার্থী সর্বোচ্চ একজন রিটেইনার নিয়োগ দিতে পারবেন। লাইসেন্সের মেয়াদ শেষে রিটেইনারের মেয়াদও সমাপ্ত হবে।  

হাদি আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগী

ওসমান হাদির ওপর হামলাকে ‘গণতন্ত্রের ওপর আঘাত’ বলে অভিহিত করে এ ঘটনার নিন্দা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার (১৩ ডিসেম্বর) বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি আরও বলেন, হাদি আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগী। সে রাজপথের সাহসী সৈনিক। তাকে আমি নির্বাচনী মাঠে আবারও সক্রিয় পাব—সেই প্রত্যাশা করি।   ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সেখানে বিক্ষোভপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা আব্বাস। মির্জা আব্বাস বলেন, সে আমার সন্তান সমতুল্য। হাদি গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পেয়ে আমি মানসিকভাবে আহত হয়েছি। এ আঘাত গণতন্ত্রের ওপর আঘাত। যারা এই আঘাত করেছে, তাদের কালো হাত ভেঙে দিতে হবে।

Top week

রাজধানী

আন্তর্জাতিক পথশিশু দিবসে শতাধিক শিশুকে খাবার ও উপহার দিল ওয়ার্ল্ড হিউম্যান রাইটস

Admin এপ্রিল ১৩, ২০২৬ 0