সিলেট নগরীতে পেট্রোল পাম্পে তেল না পেয়ে পাম্পের কর্মীকে ছুরিকাঘাত করেছেন এক গ্রাহক। সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নগরীর চৌকিদেখী এলাকার উত্তরা পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।
আহত পেট্রোল পাম্পকর্মীর নাম মিঠু গোয়ালা। ছুরিকাঘাতের পর তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বিকেলে ইফতারের দুই মিনিট আগে চৌকিদেখী এলাকার উত্তরা পেট্রোল পাম্পে তেল নিতে আসেন এক গ্রাহক। এসময় ইফতারের সময় ঘনিয়ে আসায় তেল দিতে অপারগতা প্রকাশ করায় ওই গ্রাহকের সঙ্গে কর্মীদের কথা-কাটাকাটি হয়।
ইফতার শেষে ওই গ্রাহক আবার পাম্পে এসে মিঠু গোয়ালা নামের এক কর্মীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে তার সহকর্মীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
পরিদর্শক সৌমেন মৈত্র বলেন, আহত পেট্রোল পাম্পকর্মী এখন শঙ্কামুক্ত। অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে পুলিশ কাজ করছে।
আব্দুল হক :- বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাশোসিয়েশনের উদ্যোগে কোচেস ট্রেনিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ২ জানুয়ারী) সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ঢাকা জেলার মুগদা টিটিপাড়া এলাকার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামের উত্তর গ্যালারী, ৩য় তলায় ট্রেনিং ও সেমিনারটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কারাতে ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক কবির আকবর চৌধুরী তাজ এর সভাপতিত্বে ও জে কে এফ ৮ম ড্যান, ভাইস প্রেসিডেন্ট সাউথ এশিয়ান ওয়াদোকাই কারাতে ও বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাসোশিয়েশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি হানসি নাজনুল মোর্শেদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জুডো কারাতে ফেডারেশনের প্রবর্তক এবং সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ মার্শাল আর্ট কন ফেডারেশনের প্রাক্তন সাধারণ সম্পাদক হাসান উজ জামান মণি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ উশু ফেডারেশনের গ্রান্ড মাষ্টার, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আলমগীর শাহ ভূইয়া, বি কে এফ রেফারি কমিশনের যুগ্ম সম্পাদক নূর মোহাম্মদ রকি, অভিনেতা ও সাবেক ন্যাশনাল প্লেয়ার, সেলফ কনফিডেন্স কারাতে একাডেমীর প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক, বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাসেসিয়েশন সহ-সভাপতি এন এস তনু (তনু পান্ডে), বি কে এফ এর কোচ এন্ড রেফারী মোঃ উজ্জল মিয়া, বি কে এফ এর কোচ এন্ড রেফারী মোঃ আব্দুল হক, বি এস কে ইউ এর প্রতিষ্ঠাতা সদস্য ইউ মুকবুল হোসেন মুকুল, বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মোঃ ইউনুস গাজীসহ ছাত্র -ছাত্রী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইউনুছ খাঁন। প্রশিক্ষণ শেষে বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও পুরষ্কার বিতরণ করা হয়।
উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। ইতোমধ্যেই তাকে নিয়ে যেতে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসেছে। অ্যাম্বুলেন্সটি বেলা ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। দুপুর দেড়টায় তাকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে। এরইমধ্যে হাদিকে আনতে বিমানবন্দর থেকে রওনা দিয়েছে ২ সদস্যের মেডিকেল প্রতিনিধি দল। তাদের মধ্যে একজন চিকিৎসক ও একজন নার্স রয়েছেন। শরিফ ওসমান হাদি জুলাই আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তিনি ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী। গত শুক্রবার দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় আয়োজিত একটি জরুরি টেলিকনফারেন্সে হাদিকে বিদেশে পাঠিয়ে বিশেষায়িত চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেস উইং জানায়, গত দুদিনে সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসা সুবিধা যাচাই করেছে। হাদির সঙ্গে সিঙ্গাপুরে যাবেন তার ভাই ওমর হাদি। সঙ্গে আরও একজনও যাবেন। ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
অভিনয় ও ব্যক্তিগত ব্যস্ততার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। নিয়মিতই নানা মুহূর্তের ছবি ও ভাবনার কথা শেয়ার করেন তিনি। এবার সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টে ‘কৃতঘ্ন’ মানুষদের নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরলেন এই অভিনেত্রী। পরীমনি জানান, বিপদে যাদের পাশে দাঁড়ান, তারাই অনেক সময় তাকে বিপদে ফেলে দূরে সরে যান। যদিও পোস্টে তিনি নির্দিষ্ট করে কারো নাম উল্লেখ করেননি। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘মানুষের সমস্ত বিপদে শুধু আমার দরজাই সবার জন্য খোলা থাকে। ঠিক তারাই আমাকে বিপদে ফেলে দিয়ে ভেগে যায়।’ তবে এসব ঘটনায় হতাশ নন বলেই জানান অভিনেত্রী। বরং নিজের মনুষ্যত্ব ও বিবেক নিয়ে গর্ব প্রকাশ করেছেন তিনি। পরীমনির ভাষায়, ‘আমি আর বদলাতে পারি নাই। না আমার মনুষ্যত্ব আর না আমার বিবেক। তার জন্যই আল্লাহ আমাকে তোমাদের মতো মানুষকে সাহায্য করার মতো সমর্থ দিয়েছেন। আলহামদুলিল্লাহ।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি অকপটে প্রকাশ করার মধ্য দিয়েই আবারও আলোচনায় এই ঢালিউড তারকা। এদিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন পরীমনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত সিনেমা ‘ডোডোর গল্প’। পাশাপাশি ‘গোলাপ’ নামের আরো একটি সিনেমা শুটিং ফ্লোরে গড়ানোর অপেক্ষায় আছে।
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে দেশিয় অস্ত্রসহ আতিক হাসান (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বিজিবি তার বিরুদ্ধে মামলা দায়ের করে করে পাটগ্রাম থানায় সোপর্দ করেছেন। এর আগে ভোরে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধীনস্থ পঁয়ষট্টিবাড়ি বিওপির একটি টহল দল এই অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার আতিক হাসান পাটগ্রামের সীমান্তপাড়া এলাকার মো. বজলার রহমানের ছেলে। বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত মেইন পিলার-৮৪৬ এর কাছে বাংলাদেশের অভ্যন্তরে আউলিয়ার হাট নামক স্থানে সন্দেহভাজন কয়েকজনকে দেখে অভিযান চালায় বিজিবি। এসময় আতিক হাসানকে আটক করা সম্ভব হলেও তার সঙ্গে থাকা আরও দুইজন পালিয়ে যান। আটক আতিকের কাছ থেকে ২ ফুট ৪ ইঞ্চি দৈর্ঘ্যের একটি ছুরি এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। স্থানীয় সূত্র জানায়, শ্রীরামপুর সীমান্ত দিয়ে ভারতে চোরাচালান করতে গিয়ে তিনি বিজিবির হাতে ধরা পড়েন। অভিযান চলাকালীন পালিয়ে যাওয়া দুই ব্যক্তি হলেন— মো. জুলফিকার আলী (৩৫) ও মো. রহিদুল (৪২)। বিজিবি জানিয়েছে, তাদের পূর্ণাঙ্গ ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে এবং তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, বিজিবি আতিক হাসানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে থানায় দিয়েছেন। তাকে লালমনিরহাট জেলহাজতে পাঠানো হবে।
বিশ্বের শীর্ষ ধনকুবের ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের কনিষ্ঠ কন্যা ফোবি অ্যাডেল গেটস। ২৩ বছর বয়সী এই তরুণী তার ব্যক্তিগত জীবন আর পেশাগত কর্মকাণ্ড নিয়ে প্রায়ই থাকেন আলোচনায়। এবার ফের শিরোনামে এলেন প্রেমের খবর নিয়ে। সম্প্রতি সামাজিক মাধ্যমে নতুন সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন ফোবি। তবে এই প্রেম একেবারে নতুন নয়; শৈশব থেকেই গড়ে উঠেছে তাদের সম্পর্কটি। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন ফোবি। ছবিতে দেখা যায়, তার শৈশবের বন্ধু চ্যাজ ফ্লিনের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ধরা দিয়েছেন বিল গেটস কন্যা। ক্যাপশনে শুধু একটি লাভ ইমোজি! আর তাতেই নেটদুনিয়ায় শুরু আলোচনা। পোস্টটি প্রকাশের পরই অনুরাগীদের মন্তব্যে ভরে ওঠে কমেন্ট বক্স। কেউ অভিনন্দন জানাচ্ছেন, কেউ আবার মজা করে লিখেছেন, ‘পুরনো ভালোবাসা যেন এবার স্থায়ী হয়।’ টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ফোবি ও চ্যাজ একই স্কুলে পড়াশোনা করেছেন। সেই সময় তাদের মধ্যে বন্ধুত্বের পাশাপাশি স্বল্প সময়ের জন্য সম্পর্কও ছিল। দীর্ঘ বিরতির পর এবার সেই পুরনো সম্পর্কই নতুন রূপে ফিরে এসেছে। এক সাক্ষাৎকারে ফোবি বলেছিলেন, ১৫ বছর বয়স থেকে চ্যাজকে চেনেন তিনি। এর আগে ব্রিটিশ সংগীত কিংবদন্তি পল ম্যাককার্টনির নাতি আর্থার ডোনাল্ডের সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন ফোবি। ২০২৩ সালের শেষ দিকে তাদের প্রেমের গুঞ্জন শোনা যায়, এরপর ২০২৪ সালের মাঝামাঝি ফোবি নিজেই নিশ্চিত করেন বিষয়টি। কিন্তু ২০২৫ সালের শেষ দিকে সেই সম্পর্কে ইতি টানে দুজন। এদিকে ব্রেকাপের এক মাস বাদেই নতুন সম্পর্কের ইঙ্গিত দিলেন এই ধনকুবেরের কন্যা; যা নিয়ে তার ভক্ত মহলে ব্যাপক আলোচনা। ফোবি বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফ্যাশন শপিং টুল ‘ফিয়া’ নিয়ে কাজ করছেন। পাশাপাশি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেও নিজের অবস্থান তৈরি করেছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের দ্বিতীয় স্ত্রী খাদিজা মল্লিক সীমু ওরফে শিমলা। দীর্ঘদিনের দাম্পত্য কলহ ও মানসিক চাপের কারণে তিনি অসুস্থ ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। সোমবার (৩০ মার্চ) রাতে হিলি সিপি রোড়ের বাবার বাড়িতে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেন তিনি। বর্তমানে শিমলা দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। খাদিজার পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক আত্মগোপনে রয়েছেন। সেই থেকেই তার স্ত্রী খাদিজা হাকিমপুর উপজেলা শহরের সিপি রোড এলাকায় বাবা বাবু মল্লিকের বাড়িতে অবস্থান করছিলেন। ২০১৯ সালের ৮ জুন শিবলী সাদিকের সঙ্গে তার বিয়ে হয়েছিল। হাসপাতালে ভর্তির আগে খাদিজা তার নিজের ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে তার ওপর হওয়া অন্যায়ের অভিযোগ আনেন তিনি লেখেন, ‘আমি যথেষ্ট শক্ত ছিলাম, কিন্তু এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন। দীর্ঘ ৭ বছর ধরে আমার সঙ্গে হওয়া অন্যায় ও জুলুম আমি আর নিতে পারছি না। বিয়ের ২-৩ মাস পর থেকেই এসব সহ্য করতে করতে আমি আজ ক্লান্ত, আমি শান্তিতে ঘুমাতে চাই।’ পোস্টে তিনি স্বামী শিবলী সাদিকসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে অভিযোগ করেন যে, তার এই পরিণতির জন্য তারাই দায়ী। নিজের মেয়ের উদ্দেশ্যে তিনি লেখেন, ‘স্নেহা, তোমার জন্য আমার দোয়া রইল। তুমি আমার জন্য যথেষ্ট লড়েছো।’ মা-বাবার কাছে ক্ষমা চেয়ে তিনি আরও উল্লেখ করেন যে, তার এই সিদ্ধান্ত ভুল হলেও পরিস্থিতি তাকে বাধ্য করেছে। জিয়া হার্ট ফাউন্ডেশনের কর্তব্যরত চিকিৎসক মুসা আল আশারী জানিয়েছেন, রাত সোয়া ৮টার দিকে খাদিজাকে হাসপাতালে আনা হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল হলেও তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি জানান, এখন তার অবস্থান অনেকটায় ভালো। উল্লেখ্য, সাবেক এমপি শিবলী সাদিক এর আগে জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হওয়ার পর ২০১৯ সালে তিনি পারিবারিকভাবে খাদিজাকে বিয়ে করেন।
নিজস্ব প্রতিবেদক, কলমাকান্দা (নেত্রকোণা) নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের আমেজ শুরু হয়েছে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা ও বিশিষ্ট সংগঠক আহমদ শফী। তিনি বর্তমানে এনসিপি কলমাকান্দা উপজেলা শাখার প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর এই ঘোষণা স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। উন্নয়নের অঙ্গীকার ও লক্ষ্য প্রার্থিতার বিষয়ে আহমদ শফী জানান, জনগণের প্রত্যাশা ও দীর্ঘদিনের অবহেলিত উন্নয়ন ভাবনাকে প্রাধান্য দিয়েই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। তাঁর মূল লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে: স্বচ্ছতা ও জবাবদিহিতা: একটি দুর্নীতিমুক্ত ও জবাবদিহিতামূলক উপজেলা প্রশাসন নিশ্চিত করা। মডেল উপজেলা: কলমাকান্দাকে আধুনিক ও নাগরিক সুবিধা সম্বলিত একটি 'মডেল উপজেলা' হিসেবে গড়ে তোলা। জনকল্যাণ: তৃণমূল মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া। আহমদ শফী বলেন, "আমি কলমাকান্দার সন্তান হিসেবে এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই। অবহেলিত জনপদকে এগিয়ে নিতে আমি সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।" তৃণমূলের সমর্থন ও রাজনৈতিক বিশ্লেষণ দলীয় সূত্রে জানা গেছে, হুট করে নয় বরং তৃণমূল নেতাকর্মীদের মতামত এবং স্থানীয় জনগণের জোরালো দাবির প্রেক্ষিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ইতোমধ্যে তাঁর প্রার্থিতার খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মী ও সামাজিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আহমদ শফী একজন তরুণ ও সক্রিয় নেতা হিসেবে পরিচিত। নির্বাচনী মাঠে তাঁর উপস্থিতি তরুণ ভোটারদের আকৃষ্ট করার পাশাপাশি ভোটের লড়াইয়ে নতুন মাত্রা যোগ করতে পারে।
সিলেট নগরীতে পেট্রোল পাম্পে তেল না পেয়ে পাম্পের কর্মীকে ছুরিকাঘাত করেছেন এক গ্রাহক। সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নগরীর চৌকিদেখী এলাকার উত্তরা পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে। আহত পেট্রোল পাম্পকর্মীর নাম মিঠু গোয়ালা। ছুরিকাঘাতের পর তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্র এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, বিকেলে ইফতারের দুই মিনিট আগে চৌকিদেখী এলাকার উত্তরা পেট্রোল পাম্পে তেল নিতে আসেন এক গ্রাহক। এসময় ইফতারের সময় ঘনিয়ে আসায় তেল দিতে অপারগতা প্রকাশ করায় ওই গ্রাহকের সঙ্গে কর্মীদের কথা-কাটাকাটি হয়। ইফতার শেষে ওই গ্রাহক আবার পাম্পে এসে মিঠু গোয়ালা নামের এক কর্মীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে তার সহকর্মীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরিদর্শক সৌমেন মৈত্র বলেন, আহত পেট্রোল পাম্পকর্মী এখন শঙ্কামুক্ত। অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে পুলিশ কাজ করছে।